ঈদের বিকেলে নাশতার টেবিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফালুদা (ছয়জনের জন্য পরিবেশন)উপকরণ: ভ্যানিলা আইসক্রিম ২ কাপ, চিলি আধাকাপ, পানি ১ কাপ, গুঁড়ো দুধ ২ কাপ, এসেন্স কয়েক ফোঁটা, নুডলস সেদ্ধ ১ কাপ, মাওয়া ২ টেবিল-চামচ, সাবুদানা সেদ্ধ আধাকাপ, চায়না গ্রাস ১ মুঠো, গোলাপজল আধা চা-চামচ, ফলের শরবত পরিমাণমতো, পেস্তাকুচি ২ টেবিল-চামচ, জেলো পাউডার ১ প্যাকেট, আপেল, কলা ও আঙুর ২ কাপ। প্রণালি: পানি, দুধ ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করতে হবে। নুডলস সেদ্ধ করে ধুয়ে পানিতে ভিজিয়ে ফ্রিজে রাখতে হবে ২ টেবিল-চামচ চিনি দিয়ে। ইচ্ছা করলে আধা ফোঁটা লাল রং ব্যবহার করা যাবে। এতে নুডলসগুলো গোলাপি হবে। জেলো পাউডার গোলানো: ২ কাপ পানিতে চায়না গ্রাস জ্বাল দিয়ে যখন গলে যাবে তখন জেলো পাউডার দিয়ে গুলিয়ে নিয়ে একটি ট্রেতে ঢেলে ঠান্ডা করতে হবে। যখন জমে যাবে তখন কিউব করে কেটে নিতে হবে। এভাবে ৩ রকম ফ্লেবারের জেলোর কিউব কাটতে হবে। সাজানো: প্রথমে পাত্রে নুডলস পরে সাবদানা, জেলো কিউব, ফল, ঘন দুধ, আবার জেলো কিউব ও মাওয়া দিতে হবে। এবার আইসক্রিমের স্কুপ দিয়ে ওপরে জেলো কিউব ও শরবত দিয়ে পরিবেশন।আমের কুলফি(ছয়জনের জন্য পরিবেশন)উপকরণ: মিষ্টি আম এক কেজি, কনডেন্সড মিল্ক এক টিন, জেলোটিন দুই টেবিল-চামচ (সিকি কাপ গরম পানিতে গোলানো), ফ্রেশ ক্রিম দুই কৌটা, গুঁড়ো দুধ এক কাপ ।প্রণালি: আমের বোঁটার মাথা কেটে আস্তে আস্তে টিপে টিপে আমের আঁটিটি বের করে আনতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমের খোসা ছিঁড়ে না যায়। এবার আমের জুসের সঙ্গে বাকি উপকরণগুলো ব্লেন্ড করে আমের খোসার মধ্যে ঢেলে ডিপফ্রিজে জমাতে হবে। যখন জমে যাবে তখন দুই ভাগ বা চার ভাগ করে কেটে পরিবেশন করতে হবে।চটপটি(আটজনের জন্য পরিবেশন)উপকরণ: চটপটির ডাল ৫০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা-চামচ, আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ-কুচি প্রয়োজনমতো, তেঁতুলের মাড় এক কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, মরিচগুঁড়ো এক টেবিল-চামচ, চটপটির মসলা প্রয়োজনমতো, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বিট লবণ এক টেবিল-চামচ, ধনেগুঁড়ো এক টেবিল-চামচ, শশাকুচি এক কাপ, ডিম সেদ্ধ চারটি, টমেটোকুচি এক কাপ, আখের গুড় আধাকাপ।প্রণালি: ডাল, লবণ ও সোডা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ টুকরা করে কেটে ডালের সঙ্গে নিতে হবে। পাত্রে তেল দেওয়ার পর আস্ত জিরার ফোড়ন দিয়ে মরিচগুেঁড়া, ধনেগুঁড়ো, তেঁতুলের মাড়, আধাকাপ আখের গুড় ও বিট লবণ দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল ও আলু দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে লবণ চেখে নামাতে হবে। এবার সার্ভিং পাত্রে নিয়ে রুচিমতো ধনেপাতা, চটপটির মসলা ও তেঁতুলের মাড় মেশাতে হব। সবার ওপরে শসা, টমেটোকুচি ও সেদ্ধ ডিম কুচি করে পরিবেশন করতে হবে।সবজির কাস্টার্ড (আটজনের জন্য পরিবেশন)উপকরণ: মিহি কুচি করা লাউ আধাকাপ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, মোটা কুচি করা লাউ আধাকাপ, পেস্তা বাদাম ২ টেবিল-চামচ, গোলাপজল ১ চা-চামচ, গাজর কুচি করা আধাকাপ, ঘি ১ টেবিল-চামচ, চিনি আধা -কাপ, বাটার অয়েল সিকি কাপ, গুঁড়ো দুধ আধাকাপ, বুন্দিয়া দেড় কাপ, মাওয়া আধাকাপ। প্রণালি: ক. দুই ধরনের লাউ কুচি করে সেদ্ধ হয়ে গেলে চেপে নিতে হবে। এবার বাটার অয়েল, লাউ, চিনি ও গোলাপজল একসঙ্গে জ্বাল দিতে হবে। একটু পর কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে। শুকিয়ে এলে মাওয়া ও গুঁড়ো দুধ দিতে হবে। নামিয়ে ঠান্ডা করে বুন্দিয়া মেশাতে হবে। এবার ছোট ছোট মিষ্টির মতো বানাতে হবে। খ. জেলো গোলানো ২ কাপ পানিতে ১ মুঠো চায়না গ্রাস গলাতে হবে। এবার ওই পাত্রে জেলো পাউডার গুলিয়ে সমান ট্রেতে ঢেলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। গাজর, ঘি ১ টেবিল-চামচ ও চিনি দিয়ে জ্বাল দিতে হবে। গ্রেভি উপকরণ: পানি ২ কাপ, গুঁড়ো দুধ ২ কাপ, চিনি ১ কাপ, ডিমের কুসুম ২টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, এসেন্স আধা চা-চামচ ও দুধের মালাই ১ কাপ, মালাই বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে জ্বাল দিতে হবে। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ডিমের সাদা অংশের মেরাং ও দুধের মালাই মিশিয়ে বিট করতে হবে।পাত্র সাজানো: সার্ভিং ডিসে প্রথমে গাজর ও তার ওপর লাউয়ের বলগুলো সাজিয়ে গ্রেভি ঢেলে দিতে হবে। পেস্তা ও কাঠবাদাম দিতে হবে। জেলোর কিউবগুলো ছড়িয়ে দিতে হবে। এবার ঠান্ডা করে পরিবেশন করুন। মুরগির শাসলিক(পাঁচজনের জন্য পরিবেশন)উপকরণ: মুরগির মাংস দুই কাপ, ডালের পেঁয়াজু ১০ টি, চিংড়ি মাঝারি ১০ টি, আদাবাটা এক চা-চামচ, টমেটো সস দুই টেবিল-চামচ, রসুনবাটা এক চা-চামচ, কাঁচা মরিচ গুঁড়া করা এক টেবিল-চামচ, বিট লবণ আধা চা-চামচ, খাবার লবণ প্রয়োজনমতো, লেবুর রস এক টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, সরিষাবাটা এক চা-চামচ, আচারের তেল দুই টেবিল-চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১০টি। প্রণালি: মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চার কোনা টুকরা করে নিতে হবে। চিংড়ির লেজের খোসা রেখে বাকি খোসা ও মাথা ছাড়িয়ে ধুয়ে ঝরাতে হবে। ডালবাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও সামান্য হলুদ দিয়ে যেভাবে ডালের পেঁয়াজু বানাতে হয় সেভাবে পেঁয়াজু বানিয়ে রাখতে হবে। মুরগি, চিংড়ি, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ ক্রাশ করা বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষাবাটা ও সরিষার তেল দিয়ে মেরিনেট করে আধা ঘণ্টা রাখতে হবে। এবার চুলায় বড় জ্বালে মুরগি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, শসা ও গাজর কিউব অল্প সরিষার তেলে ভাজতে হবে ১ মিনিট। এবার শাসলিক কাঠিতে মুরগি, চিংড়ি, পেঁয়াজু ও সবজিগুলো আচারের তেল দিয়ে ব্রাশ করে পরিবেশন করুন। নবরতন মিট বল (আটজনের জন্য পরিবেশন)উপকরণ: গরুর মাংস আধা কেজি, আদা ১ টেবিল-চামচ, গাজর, বরবটি, আলু ও মটরশুঁটি কুচি করা ২ কাপ, রসুন ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, ডিম সেদ্ধ ২টি, গোলমরিচ ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ গুঁড়া করা রুচিমতো, পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, ডিম দুটি, মুড়ির গুঁড়া প্রয়োজনমতো, মুরগির মাংসের টুকরা কয়েকটি, মাখন ১০০ গ্রাম, সাদা তিল পরিমাণমতো লবণ পরিমাণমতো, সয়াবিন তেল প্রয়োজনমতো। প্রণালি: মাংস ছোট টুকরা করে কেটে আদা, রসুন, সয়াসস ও লবণ দিয়ে সেদ্ধ করে চপার মেশিনে চপ করে অথবা বেটে নিতে হবে। সবজিগুলো কুচি করে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। ডিম সেদ্ধ কুচি করে নিতে হবে। এবার মাংস সেদ্ধ, সবজি, ডিম, গোলমরিচ, জিরার গুঁড়া, কাঁচামরিচ, মাখন ও মুরগির মাংসের টুকরা সামান্য পানি দিয়ে গুলিয়ে একসঙ্গে ভালোভাবে মাখাতে হবে। এখন গোল গোল মিটবল বানাতে হবে। ১ কাপ মুড়ির গুঁড়া, ১ টেবিল-চামচ তিল দিয়ে মিশিয়ে রাখতে হবে। মিটবলগুলো ডিমে চুবিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।সবজির মুচমুচে পাকোড়া (ছয়জনের জন্য পরিবেশন) উপকরণ: লালশাক, পুঁইশাক, ডাঁটাশাক ও কলমিশাক কুচি করা চার কাপ, গাজর ও আলু কুচি করা দুই কাপ, জৈন আধা চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, পেঁয়াজকুচি এক কাপ, টেম্পুরা পাউডার বা ময়দা দেড় কাপ, কর্নফ্লাওয়ার দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ গুড়া করা এক টেবিল-চামচ, ধনেপাতার কুচি চার টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ প্রয়োজনমতো, মরিচগুঁড়া এক চা-চামচ। প্রণালি: শাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিতে হবে। গাজর ও আলু কুচি করে রাখতে হবে। এবার তেল ও বিট লবণ ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিতে হবে। তেল গরম করে পাকোড়া বাদামি করে ভেজে তুলতে হবে। সামান্য বিট লবণ ছড়িয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। রেশমি সেমাই (ছয়জনের জন্য পরিবেশন)উপকরণ: ভাজা সেমাই ২ কাপ, ঘি আধাকাপ, চিনি ২ কাপ, ঘন দুধ ১ কাপ, জাফরান ১ চিমটি, এলাচ ৪ টি, শুকনা ফল ১ কাপ, গুঁড়ো দুধ আধাকাপ ও দারুচিনি ৪ টি। প্রণালি: সেমাই লালচে করে ভেজে মেপে নিতে হবে। গরম পানিতে সেমাই ভাপ দিয়ে ঝরিয়ে নিতে হবে। এবার ননস্টিক হাঁড়িতে ভাপানো সেমাই, চিনি, এলাচ, দারুচিনি ও ঘন দুধ একসঙ্গে মাখাতে হবে। চুলায় অল্প জ্বালে আধা ঘণ্টা ঢেকে দমে রাখতে হবে। ৩০ মিনিট পর ঢাকনা খুলে গুঁড়ো দুধ, ঘি, শুকনা ফল ও জাফরান ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন। সেমাই যখন দমে থাকবে তখন বারবার ঢাকনা খোলা যাবে না। সময় শেষ হলেই তবে ঢাকনা খুলতে হবে। এবার স্বাদের সঙ্গে পরিবেশন করুন।