ঈদের বিশেষ খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুধীমণ্ডলী, সবাইকে ঈদের রস+আলো শুভেচ্ছা!প্রথমেই টিভি চ্যানেলের খবর। প্রতি ঈদের মতো এবারও বিভিন্ন টিভি চ্যানেলে সপ্তাহব্যাপী বিজ্ঞাপনমালার আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল অনুষ্ঠান-বিরতি। ‘বিদেশ টিভি’ কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে বিজ্ঞাপনের মান বাড়ানো যায় এবং অনুষ্ঠান-বিরতি কমিয়ে আনা যায়, তা নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আরও বৃদ্ধি করা দরকার বলে তারা মনে করেন।সরকার এই প্রথম ঢাকা শহরের একটি মহল্লায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল সালামির প্রবর্তন করে। এ উদ্দেশ্যে এলাকার মুরব্বিদের একটি তালিকা প্রস্তুত করে ওয়েবসাইটে ফোন নম্বরসহ দেওয়া হয়। ওয়েবসাইটটি নির্মাণ করেছেন ধোলাইখাল ও জিনজিরার একদল যন্ত্র প্রকৌশলী। ঈদের সকালে আগ্রহী ছেলেমেয়েরা পরিচিত বা পছন্দের মুরব্বিদের নম্বরে ফোন করে সালাম ও কুশল বিনিময় করে। পরে বাচ্চাদের মোবাইলে ফ্লেক্সিলোড বা আই টপ-আপের মাধ্যমে বড়রা সালামি প্রদান করেন।ঈদের আগের রাতে বিল্টু নামের এক বালক মুহুর্মুহু ‘লাদেন বোমা’ ফুটিয়ে এলাকায় শব্দদূষণ করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এ খবরে উঠতি বয়সের বখাটেদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই তারা একটি মানববন্ধনের আয়োজন করে। কিন্তু হঠাৎ ভূমিকম্প হওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বিল্টুর নামে ইভ টিজিং-এর সাড়ে তিন শ অভিযোগ আছে। ঈদ উপলক্ষে বন্ধুদের নিয়ে ‘ঈদ টিজিং’-এর পরিকল্পনার কথাও সে স্বীকার করেছে।নারী ক্রেতাদের মধ্যে এবার ‘সুহানা শাড়ি’ আর ‘শাকিরা কামিজ’-এর চাহিদা বেশি হওয়ায় এসবের মূল্য ছিল চড়া। দুই স্ত্রী আর সাত মেয়ের ম্যারাথন শপিংয়ে হতবিহ্বল হয়ে গিট্টু সাহেব মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এ মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি চমন বাহার। আমরা এখন সরাসরি তার সঙ্গে ফোনে কথা বলব। হ্যালো চমন, হ্যালো ... ... হ্যালো। দুঃখিত, লাইনটি কেটে গেল। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।ঈদের দিন ঢাকার যানজট ছিল স্বাভাবিক। দীর্ঘদিন অস্বাভাবিক ট্রাফিক জ্যামে অভ্যস্ত ঢাকাবাসী তাই ছিলেন কিছুটা বিষণ্ন। একজন পথচারীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রাস্তাঘাটে মনে হচ্ছে, কী যেন নেই, মনটা ভালো লাগছে না।’ অতিরিক্ত যানজটও যে তাদের হূদয়ে একটি স্থান দখল করে নিয়েছে, তা এ বক্তব্যের পোস্টমর্টেম করলেই বোঝা যায়। অন্যদিকে লাচ্ছা সেমাই খাওয়াকে কেন্দ্র করে ঈদের দিন ‘কাইজ্যা’ নামের একটি গ্রামে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রাগৈতিহাসিক সব অস্ত্রসহ তারা ফুটবল খেলার মাঠে মুখোমুখি অবস্থান নেয়। বিকেলের দিকে চুনা মাতব্বরের হস্তক্ষেপে ঝগড়ার মিষ্টি পরিসমাপ্তি ঘটে। কোলাকুলি করে এবং মিঠাই মুখ করে সবাই যার যার বাড়ি ফেরে।এবার ‘বড় বাপের পোলার মাজন’ অন্য রকম খবর। সততার দুর্লভ নজির স্থাপন করে সাদা মনের পরিচয় দিয়েছেন কল্পনাপুরের ধলা মিয়া। বুদ্ধি হওয়ার পর থেকে তিনি গরুর গোশত হিসেবে মোষের মাংস বিক্রি করলেও এখন সত্য কথা বলে ব্যবসা চালাচ্ছেন। অ্যানথ্রাক্সের কারণে বাজারে মোষের মাংসের কিছু ক্রেতা থাকলেও গরুর গোশত কেউ কিনতে চাচ্ছেন না। কিন্তু সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গরু, ছাগল বা মোষ—যেকোনো গবাদিপশু থেকেই আমাদের সতর্ক থাকা উচিত।ঈদের বিশেষ খবর এখানেই শেষ হলো। সবাইকে আবারও রস+আলো শুভেচ্ছা!