ঈদের বিশেষ স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে ঈদ এলেই আমার মনে পড়ে যায় ছোটবেলায় গ্রামের বাড়িতে কাটানো রঙিন আর বিস্ময়কর ঈদের আগের দিন ও ঈদের দিনের মুহূর্তগুলোর কথা। যা এখনকার ঈদের চেয়েও আমি বেশি আনন্দ পেতাম। আমার কাছে তখন ঈদ মানে ছিল, ঈদের আগের দিন সন্ধ্যায় সবার সঙ্গে বাঁশ বাগানের মাথার ওপর ঈদের চাঁদ আবিষ্কার করে আনন্দিত মনে বাংলাদেশ টেলিভিশনে আনন্দমেলা কিংবা ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠান দেখা। কেননা তখনো গ্রামে ডিশ সংযোগ পৌঁছায় নি। কাজেই একমাত্র বিটিভির এই দুটো অনুষ্ঠান পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতাম। সেই সঙ্গে চলতে থাকত মায়ের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় ফোন করে ঈদের নিমন্ত্রণ করা।
তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল বাবার হাত ধরে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাওয়ার অনুভূতি। আমাদের বাসা ঈদগাহ থেকে পাঁচ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও আমার অত্যধিক আগ্রহ ও বাবা আমাকে স্নেহ করতেন বলে স্থানীয় ঈদগাহে নামাজ না পড়ে ভোরে আমাকে নিয়ে রওনা দিতেন শোলাকিয়া ঈদগাহে। সেখানে লাখ লাখ মুসল্লিদের সঙ্গে নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যা আমার মতো ছোট শিশু হৃদয়ে বিচিত্র আনন্দের সৃষ্টি করত। এর জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলতাম আমাকে সেই ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য। বাবাও ঘুম থেকে উঠে দ্রুত প্রস্তুতি নিয়ে আমাকে নতুন পোশাক পরিয়ে রওনা দিতেন আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য।
শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার একটি ঘটনা আজও আমার মনে দাগ কেটে আছে। শোলাকিয়া ঈদগাহ মাঠে লক্ষাধিক মুসল্লি সমাগম হওয়া ও মাঠের প্রবেশ পথ অত্যন্ত সরু হওয়ায় মুসল্লিদের চাপাচাপি করে প্রবেশ করতে হতো। এই উপচে পড়া দীর্ঘ সারির ভিড়ের মধ্যে যদি কেউ একবার পড়ে যেতো তাহলে মুসল্লিদের পদদলিত হয়ে তাকে হাসপাতালে যেতে হতো। এমনই ভয়ংকর ছিল লক্ষাধিক মুসল্লির প্রবেশ করার জন্য একমাত্র সরু রাস্তাটি। সেই সরু রাস্তা দিয়ে যখন বাবা আমাকে নিয়ে প্রবেশ করতেন তখন সামনে ও পেছনের চাপ থেকে বাবা আমাকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে রক্ষা করতেন। তাকিয়ে দেখতাম পেছনের মানুষের হুড়োহুড়ির চাপে তাদের পায়ের আঘাতে বাবার পায়ের পেছনের দিকে নিচের অংশের ত্বক থেঁতলে গেছে। এত কিছুর পরও বাবা আমাকে ভিড়ের ভেতর সযত্নে আগলে রেখে যখন মাঠে প্রবেশ করেছেন তখন চোখেমুখে যুদ্ধ জয় করা হাসি ফুটে উঠত। এভাবেই বছরের পর বছর বাবা আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়ে আমার ঈদের চাওয়াগুলো পূর্ণতা দিয়েছেন। যা এখন খুব মিস করি। এখনো ওই ঈদগাহে নামাজ পড়তে যাওয়া হয় তবে এই যাওয়ার মধ্যে বাবার হাত ধরে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি টের পাই না। খুব মিস করি এই দিনগুলো। ছোটবেলার এই আনন্দ মাখা দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেতো!

ঈদ উপলক্ষে আরও এক বিশেষ ধরনের আনন্দ হতো ঈদের দু থেকে চার দিন আগে। যখন শহরে বসবাস করা আমাদের বড় ভাইবোনেরা বাড়ি ফিরত। তখন আমরা বন্ধুরা মিলে দল বেধে গ্রাম থেকে বেরিয়ে বিশ্বরোডে অর্থাৎ বাসস্ট্যান্ডে গিয়ে প্রিয়জনদের জন্য মধুর প্রতীক্ষার প্রহর গুণতাম হোক সেটা দিনের বেলা কিংবা গভীর রাতে। যখন তাদের বাস থেকে নামতে দেখতাম আনন্দে হৃদয় পরিপূর্ণ হয়ে উঠত। তাদের সঙ্গে থাকা ব্যাগগুলো নিয়ে খুশিতে নাচতে নাচতে বাড়ির পথ ধরতাম। আমার জন্য ঈদের আরেকটি আনন্দের সময় ছিল ঈদের দিনের বিকেল বেলা। দুপুরের মায়ের হাতে রান্না করা মজার খাবারগুলো মা নিজ হাতেই মুখে তুলে খাইয়ে দিতেন। খাওয়ার পর একটু বিকেল হতেই বন্ধুরা সবাই মিলে সবার বাড়িতে যেতাম। বন্ধুদের বাবা-মায়েদের দেওয়া সালামিতে সন্ধ্যার আগেই ছোট পকেট ভরে যেতো। তারপর সেই টাকা নিয়ে গ্রামের হাট-বাজারের দোকানগুলোতে ভিড় করতাম।

তারপর আমাদের পায় কে দুচোখ যেদিকে যায় সেদিকেই ঘুরে বেড়াতাম। গানের কথার মতো, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। আরেকটি বিশেষ আনন্দের দিন ছিল ঈদের পরের দিন যেদিন জীবিকার তাগিদে ঢাকা শহর ও অন্যান্য জায়গায় বসবাস করা গ্রামের ভেতরের আত্মীয়-স্বজন ও নিমন্ত্রণে আসা মেহমানদারদের সঙ্গে দেখা হতো, আড্ডা হতো। আমাদের গ্রামের মানুষগুলো গরিব ছিল। ভাতে-কাপড়ে অভাব ছিল। কিন্তু প্রাণ প্রাচুর্য ছিল তাদের মনের ভেতর যা ঈদের সময় খুব ভালোভাবেই টের পাওয়া যেতো। গানের কথার মতো, আছে দুঃখ-কষ্ট জরা তারপরেও এই দেশ আমাদের প্রাণপ্রাচুর্যে ভরা। ঈদের এই আনন্দময় সময়ের কয়েকটি দিন যাপিত জীবনের সকল দুঃখ-কষ্ট দূরে সরিয়ে রেখে সকলকে মিলনের একসুরে গেঁথে যেতো প্রাণ থেকে প্রাণে। এমনই অপরিসীম আনন্দ আর প্রাণোচ্ছল নিয়ে কেটেছে আমার শৈশবের ঈদগুলো যা এখন পর্যন্ত আমার ঈদ উদযাপনের সেরা সময়।