ঈদের বেড়ানো নগরেই

ঈদের ছুটিতে প্রিয়জনদের একসঙ্গে পাওয়া যায় বলে ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এ বছর ঈদের লম্বা ছুটি সেই আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। ঈদের দিন সবাইকে নিয়ে একটু পোলাও-কোরমা, মিষ্টি, সেমাইসহ বিভিন্ন মজাদার খাবার খাওয়ার পাশাপাশি অনেকেই চান পরিবারের সদস্যদের সঙ্গে পছন্দের কোনো জায়গায় ঘুরে বেড়াতে। সমুদ্র আর পাহাড়ে ঘেরা চট্টগ্রাম নগরে হাতের কাছেই রয়েছে আকর্ষণীয় সব বেড়ানোর জায়গা।
ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড অ্যামিউসমেন্ট পার্ক, সি ওয়ার্ল্ড এবং রিসোর্টের সমন্বয়ে নগরের বুকে গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র ফয়’স লেক। এখানকার প্রায় পাঁচ কিলোমিটার আঁকাবাঁকা লেকের দুই পাশে সবুজের সমারোহ। ইঞ্জিনচালিত নৌকায় চেপে লেক ভ্রমণ করা যায় সহজেই। অ্যামিউসমেন্ট পার্ক সাজানো হয়েছে মজার ১৪টি রাইড নিয়ে। এখানকার অ্যাডভেঞ্চার ল্যান্ড রেস্তোরাঁয় বসে দেখা যাবে মাছের খেলা। আর পিজনস স্কয়ারে দর্শনার্থীরা খাবার দিলে কবুতর এসে বসে কাছাকাছি। রেস্তোরাঁয় রয়েছে দেশি-বিদেশি খাবারের সমাহার।
জলকেলিতে মেতে ওঠার নানা আয়োজন রয়েছে ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডে। অ্যামিউসমেন্ট পার্ক থেকে ইঞ্জিনচালিত নৌকায় ১০ মিনিটের পথ পেরোলেই দেখা মিলবে সি-ওয়ার্ল্ড। ফয়’স লেকের এক প্রান্তে গড়ে তোলা হয়েছে এই জলের রাজ্য। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান কৃত্রিম সমুদ্রসৈকত। সাগরের মতোই ঢেউ খেলা করে এখানে। এ ছাড়া রাইড রয়েছে আটটি।
এদিকে লম্বা ছুটি কাটাতে সঠিক গন্তব্য হতে পারে ফয়’স লেক রিসোর্ট। এতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পাহাড় ও হ্রদমুখী কক্ষ। নিরিবিলি পরিবেশে লেকের পাশেই পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে বাংলো। যোগাযোগ: ০১৯১৩-৫৩১৪৮১।
ক্যাফে টোয়েন্টিফোর: ক্যান্টনমেন্ট ৩ নম্বর বোর্ড বাজারের পাশেই অবস্থান এই ক্যাফের। বড়দিঘির পাড় কিংবা ভাটিয়ারীর বিএমএ গেট হয়ে সহজেই যাওয়া যায় এই রেস্তোরাঁয়। শহর থেকে কিছুটা দূরে হলেও সবুজে ঘেরা এই রেস্তোরাঁয় দর্শনার্থীর সংখ্যা নেহাত কম নয়। শুধু খাওয়ার জন্য নয়, চাইলে শুধু ঘোরার জন্যও যেতে পারেন এই রেস্তোরাঁয়। টিকিট কেটে ঘুরে দেখতে পারেন সবুজ মাঠ ও লেক। এখানে দেখা মিলবে চাকমা, মারমাসহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাড়িঘরও। এসব ঘরবাড়িতে ছবি তোলা যায়। চাইলে সবুজ মাঠের মাঝখানে থাকা পাখির খাঁচার কাছে গিয়েও তুলে নিতে পারেন ছবি। অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষের জন্য এই রেস্তোরাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়ের ওপরে তৈরি করা হয়েছে অ্যাডভেঞ্চার ট্রেইল। আলাদা টিকিট কেটে ট্রেইলে গিয়ে চাইলে গায়ের ঘামও ঝরিয়ে আসতে পারেন কিছুক্ষণ। রেস্তোরাঁর লেকে বোট ভাড়া করে ঘুরতেও পারেন।
ভাটিয়ারী হ্রদ ও সানসেট পয়েন্ট
উঁচু-নিচু পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে হ্রদ। হিম হিম বাতাস। হ্রদের নীল জলে পানকৌড়ির মাতামাতি। পাহাড়চূড়ায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে দেখতে কানে আসবে হাজারো পাখির কলতান। ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম নয়। নগরের সেনানিবাস এলাকায় অবস্থিত পাহাড়ঘেরা ভাটিয়ারী হ্রদের তীরের চিত্র এটি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুই ধারে পর্যটকদের জন্য রয়েছে বসার জায়গা। দুই ধারে সবুজ পাহাড়ের দেয়াল, তার মাঝে বয়ে চলেছে হ্রদ। হ্রদের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য নৌকার ব্যবস্থাও আছে। পর্যটকদের জন্য রয়েছে সেনানিবাস কর্তৃপক্ষ পরিচালিত একটি ক্যানটিন। আছে নান্দনিক পার্কও।
পতেঙ্গা সমুদ্রসৈকত: সাগরের ঢেউয়ের কলতান। দূরে জাহাজের সারি। মনোরম এই পরিবেশ কাছে টানে দর্শনার্থীদের। ঈদের দিন থেকে টানা কয়েক দিন মানুষের উপচে পড়া ভিড় থাকে সৈকতে। বিশেষ করে, বিকেলে সৈকতে ঘুরে বেড়ানোর মজাই অন্য রকম। স্পিড বোটে চড়ে এক চক্কর দেওয়া যায় সৈকতের আশপাশে। ঘোড়ার পিঠে ও বিচ বাইকে চড়েও ভ্রমণ করা যাবে সৈকতে। সৈকতের সঙ্গে রয়েছে বিপণিকেন্দ্র ও রেস্তোরাঁ। পতেঙ্গা সৈকতে এলে কমবেশি সবাই ঘুরে যান কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট। এখানে নদী-সমুদ্রের মোহনা। তীরে বসলেই যেন মন ভালো হয়ে যায়। রয়েছে খাবারদাবারের ব্যবস্থাও। তবে ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতচিহ্ন এখনো লেগে আছে কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট এলাকায়।
ওয়েস্টার্ন ক্রুজে কর্ণফুলীর মোহনায়: প্রমোদতরী ওয়েস্টার্ন ক্রুজে চড়ে ঘুরে আসা যায় বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মিলনস্থলে। বন্দরের বহির্নোঙর দেখার এ এক দারুণ সুযোগ। এ ছাড়া জাহাজে থাকে জাদু প্রদর্শনী ও সুরের মূর্ছনা। ঈদের দিন থেকে টানা সাত দিন রয়েছে জাহাজে চড়ার ব্যবস্থা। প্রতিদিন বিকেল পাঁচটায় চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে ছাড়ে জাহাজ। দুই ঘণ্টার এই ভ্রমণের জন্য জনপ্রতি খরচ পড়ে এক হাজার টাকা করে। অবশ্য ঈদের জন্য ছাড় রয়েছে ২০ শতাংশ। যোগাযোগ : ০১৭৩০০২৯৮৭৭।
এ ছাড়া ঈদের ছুটিতে প্রজাপতি পার্ক, অভয়মিত্র ঘাট, কাজির দেউড়ি ও আগ্রাবাদ জাম্বুরি মাঠের শিশুপার্ক, স্বাধীনতা পার্ক, ওয়ার সিমেট্রি, কাট্টলি সমুদ্রসৈকতও ঘুরে আসতে পারেন।