ঈদের ব্যাগটাও চাই নতুন
ঈদের জমকালো জামা-জুতোর সঙ্গে একটি নতুন ব্যাগ চাই-ই চাই। তা না হলে ঈদের আনন্দ যে ষোলোআনা পূর্ণ হবে না। ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, উৎসবে নতুন পোশাকের সঙ্গে নতুন ব্যাগ আনেকেই কিনে থাকেন। তাই ব্যাগটি হতে হবে পোশাকের সঙ্গে মানানসই। বাজারে পাওয়া যাচ্ছে ব্রোকেড, সিল্ক কাপড় আর চামড়ার ওপর কাজ করা বাহারি ডিজাইনের ব্যাগ। আর এসব ব্যাগের রং বাহারি, যা অনায়াসে আপনার জামার সঙ্গে মিলে যাবে। ছোট রডের হাতলওয়ালা বা হাতল ছাড়া ক্লাচ আর বটুয়া ব্যাগ এখন চাহিদার শীর্ষে। ঈদ সামনে রেখে পোশাকের পাশাপাশি বিভিন্ন আকারের ব্যাগের ডিজাইনও করেছে মাহিন খানের ফ্যাশন হাউজ মায়াসির। এই ব্যাগগুলো পাওয়া যাবে ৮০০-২৫০০ টাকার মধ্যে।এবারের ঈদে আড়ং নিয়ে এসেছে বেশ কয়েক ধরনের ব্যাগ। শুধু পার্টি ব্যাগই নয়, কলেজ- বিশ্ববিদ্যালয় আর অফিসে নেওয়ার জন্য পুরদস্তুর চামড়ার ব্যাগও আছে আড়ংয়ের সম্ভারে। বিভিন্ন প্রিন্টের এবং আকারে একটু বড় এই ব্যাগগুলো। আর একেবারেই উৎসবের ঢং নিয়ে বেশকিছু ব্যাগের ডিজাইন করেছে আড়ং। বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, জমকালো পোশাকের সঙ্গে মানানসই একটা ব্যাগ না নিলে কি চলে। এবারের ঈদ আয়োজনে লাল, হলুদ, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের ব্যাগ বাজারে এসেছে। বাহারি রঙের এসব ব্যাগ সবই ক্লাচের আদলে তৈরি করা। তবে পানের বাটার আদলে তৈরি করা পার্টি ব্যাগও আছে নতুনত্বের তালিকায়। ব্যাগগুলোতে জরির সুতা ও ছোট পুঁতির কাজ করা হয়েছে। আড়ংয়ের এই ব্যাগগুলোর দাম পড়বে ৪০০-১৫০০ টাকার মধ্যে। ফ্যাশন হাউস ‘রঙ’ও বিভিন্ন ডিজাইনের ব্যাগ তৈরি করেছে ঈদকে উপলক্ষ করে। ডলার বসানো ও সুতার কাজ করা বটুয়া ব্যাগ ছাড়াও আকারে ছোট একাধিক পকেটবিশিষ্ট সুতায় বোনা পার্টি ব্যাগ পাওয়া যাবে এখানে। দাম ২৯০-৭০০ টাকার মধ্যে।ফ্যাশন হাউস ‘পিরান’ তার নিজস্ব ডিজাইনে তৈরি করেছে চামড়া আর কাপড়ের ছোট পার্টি ব্যাগ। ২২০-৬০০ টাকায় পাওয়া যাবে এসব ব্যাগ। ফ্যাশন হাউস ‘প্রবর্তনা’ তৈরি করেছে পাট, সুতি ও সিনথেটিক কাপড়ের তৈরি বর্ণিল সব ব্যাগ। দাম পড়বে ৩৫০-৫৫০ টাকা।কেবল ফ্যাশন হাউস আর বুটিক শপই নয়, পুরোপুরি চামড়া, পাথর আর বিভিন্ন ধরনের ধাতব দিয়ে তৈরি বা কারুকাজ করা জমকালো ব্যাগ পাওয়া যাবে রাজধানীর বিভিন্ন মার্কেটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউমার্কেট, চাঁদনীচক মার্কেটের দ্বিতীয় তলা, বসুন্ধরা সিটি, মেট্রো শপিং মল, রাইফেল স্কয়ার, সানরাইজ প্লাজা ও আলমাস জেনারেল স্টোর। আর স্থান ভেদে ব্যাগগুলোর দাম পড়বে ২৫০-১৫০০ টাকার মধ্যে।