ঈদের মেহেদি
সব কাজ শেষ। এক দিন পরই ঈদ। এবার মেহেদি লাগানোর পালা। ঈদের আমেজে এই মেহেদির রং কিছুটা বাড়তি আমেজ যোগ করে বৈকি। মেহেদি পরার ঐতিহ্যটা বেশ পুরোনো। তবে ইদানীং যেমন টিউবের মেহেদির প্রচলন বেশি, আগে গাছ থেকে মেহেদিপাতা নিয়ে বেটে নেওয়ারই চল ছিল। নিজেদের বাড়ির মেহেদিগাছের পাতা কম পড়লে পড়শির শরণাপন্ন হতে হতো। পুরো লেপে, গোল করে, চাঁদের আদল আঁকা হতো হাতে। লাগানোর জন্য ব্যবহার করা হতো টুথপিক কিংবা দেশলাইয়ের কাঠি। মজাটাই অন্য রকম ছিল। ‘ঈদ মানেই মেহেদি লাগাব, এটা একটা ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বড়ই হয়েছি এটা দেখে। এ বিষয়টি মানসিকতার সঙ্গে জড়িয়ে গেছে।’ জানালেন রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। যুগ পাল্টেছে। মেহেদি বলতে এখন টিউব মেহেদিই বুঝি। তবে কেউ যদি বাটা মেহেদি লাগাতে চান কোণ মেহেদির আদলে, তার জন্যও আছে ব্যবস্থা। ফারজানা আরমান জানান, ‘বাজারে কোণ এখন কিনতেই পাওয়া যায়। ঘরে খুব ভালো করে মেহেদি বেটে কোণে ভরে নিতে পারেন। গাঢ় রঙের জন্য তাতে খয়ের মেশাতে পারেন।’ মেহেদি ব্লেন্ডারেও বেটে নিতে পারেন । তবে খেয়াল রাখতে হবে তা যেন বেশি পাতলা না হয়ে যায়। পানির পরিমাণ বেশি হয়ে গেলে হাতে দিলে তা আর ডিজাইনের আকারে বসবে না। হাতের মেহেদি শুকিয়ে এলে তাতে চিনির সিরা আর লেবুর রস লাগাবেন। এতে রং গাঢ় হবে। এবার ঈদে অ্যারাবিয়ান স্টাইলেই মেহেদি লাগানোর চল থাকবে। এতে একটু ফাঁকা জায়গা রেখে ফুলেল মোটিফ দেখা যায়। তবে ভারতীয় নকশার কদরও আছে কারও কারও কাছে। এটি অনেক বেশি সূক্ষ্ম নকশার হয়। ফারজানা আরমান জানান, ‘একটু কম বয়সী যারা আছে, তারা ভারতীয় নকশায় হাত রাঙাতে বেশি পছন্দ করে। একটু বয়সীরা চলে যাচ্ছে আবার অ্যারাবিয়ান নকশার দিকে। বয়সভেদে নকশার খুব একটা পার্থক্য আসে না। তবে যারা বয়সে একটু ছোট, তারা অপেক্ষাকৃত ঘনভাবেই লাগাতে পছন্দ করছে।’ পুরো হাতে লাগাতে না চাইলে এক লাইনের নকশায় সাজিয়ে নিতে পারেন আপনার হাত। কালো আর লাল মেহেদির সমন্বয়ে মেহেদি লাগানোটাই এবার বেশি চলবে বলে জানান ফারজানা আরমান। সে ক্ষেত্রে বাইরে কালো আউটলাইন দিয়ে ভেতরে লাল মেহেদির নকশা করতে পারেন। দেখতে ভালো লাগবে। ফারজানা আরমান বলেন, ‘এ ঈদে ধোয়াধুয়ি করতে হবে অনেক। কালো মেহেদির রং ১৫ দিন পর্যন্ত থাকে। এ কারণে এই মেহেদি লাগানোটাই ভালো হবে বেশি।’বাজারে যেসব টিউব মেহেদি পাওয়া যায়, এতে কিছুটা হলেও রাসায়নিক পদার্থ মেশানো থাকে। এ জন্য সবার হাতের জন্য তা মানানসই না। লাগানোর পর কারও কারও হাতে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ফারজানা আরমান বলেন, ‘অ্যালার্জির সমস্যা থাকলে কালো মেহেদি ব্যবহার করবেন না। লাল মেহেদির ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন। র্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে অ্যালার্জির ওষুধ খেতে হবে।’