ঈদের রান্নার প্রস্তুতি
একসঙ্গে নানান পদ রান্নার আয়োজন করতে হয় ঈদের কয়েকটা দিন। সে জন্য মসলা কেনা, বাটা, কোনো খাবার প্রস্তুত করে রাখা—এমন প্রস্তুতি আগে থেকে নিলে ঈদের দিনের ঝামেলা অনেকটা কমে যায়। ঈদের রান্নার প্রস্তুতি নিয়ে বলছিলেন রান্না কল্পনা রহমান। ঈদে রান্নার জন্য মাংস আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মসলা কষিয়ে রাখা ভালো। পেঁয়াজ আগে থেকে কুচি করে ডিপফ্রিজে রাখা যেতে পারে। অল্প আদা, রসুন আর লবণ দিয়ে মাংস সেদ্ধ করে রাখলে পরে সব মসলা দিয়ে একসঙ্গে মাংস রান্না করতে সময় কম লাগে। মাংসের সঙ্গে টক দই, লেবুর রস, পেঁপে বাটা দিলে দ্রুত মাংস সেদ্ধ হয়। আবার মাংসটা আগে থেকে মসলা মাখিয়ে রাখলে রান্নার সময় কম লাগে। যেকোনো ধরনের মসলা আগে থেকে বেটে ঢাকনা দিয়ে আলাদা আলাদা বক্সে ফ্রিজে রেখে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে ঠান্ডা করে পলিথিনে ডিপফ্রিজে রেখে দিলে বেশ কয়েক দিন ভালো থাকে। পোলাও রান্নার আগে চালটা ১০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখতে হবে। পোলাওয়ে পানির মাপটা হবে চাল যতটুকু তার দেড়গুণ। পানি যখন চালের সমান সমান হবে, তখন তাওয়ার ওপর দমে রাখতে হবে। তাতে পোলাওর তলায় লেগে যাবে না। মাংস যেন পাতিলের তলায় না লেগে যায়, সে জন্য চুলায় তাওয়ার ওপর ঢাকনা দিয়ে রাখতে হবে। বারবার মাংস গরম না করলে মাংস জমে যায়, তাই অল্প মাংস গরম রাখার জন্য চুলার ওপর গরম পানির পাত্র রেখে তাতে মাংসের কড়াই ঢাকনা দিয়ে দিলে গরম থাকবে। ঈদের দিন সকালের দিকে সালাদ যেমন-টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ ইত্যাদি এবং যেসব জিনিস সালাদে ব্যবহার করা হবে সেগুলো প্রতিটি ভিন্ন বাটিতে কেটে ঢাকনা দিয়ে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে, চামচের স্পর্শও যেন না লাগে। খাওয়ার আগে এগুলোর সঙ্গে দই, লেবুর রস মাখিয়ে সালাদ তৈরি হবে। অনেকে হয়তো গরু বা খাসির মাংস খেতে পছন্দ করেন না। তখন তাঁদের জন্য মুরগির মাংস রান্না করতে হয়। সে ক্ষেত্রে মুরগির মাংস প্রয়োজনমতো রান্না করে ভিন্ন ভিন্ন বাক্সে আলাদা করে ফ্রিজে রাখা যেতে পারে। পরে মাইক্রোওভেনে দিয়ে রান্না করলেই চলে। ফিরনি, পায়েস, সেমাই—এগুলো ঈদের দু-এক দিন আগে থেকে রান্না করে ফ্রিজে ভালো কনটেইনারে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ৫ থেকে ১০ কেজি দুধ ঘন করে জ্বাল দিয়ে ঈদের আগের দিন ডিপে রেখে দেওয়া যেতে পারে। তা দিয়ে সহজেই নানা রকম ডেজার্ট রাঁধা যাবে। চিনির পানি জ্বাল দিয়ে শিরা করে ঠান্ডা করে ফ্রিজে রাখা যেতে পারে। লেবুর রস বের করে বরফ রাখার পাত্রে রেখে দিতে পারেন। এটা জমে বরফ হলে সেই কিউব ব্যবহার করতে পারেন।