ঈদের সাজে মাহিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় চাঁদরাতে কত মাতামাতি! মেহেদি লাগানোটা পরিণত হতো ঈদের উৎসবে। তখন তো আর টিউব মেহেদি ছিল না। এত নকশা করারও সুযোগ ছিল না। হাতের মাঝখানে বড় একটা গোল চাঁদ আঁকা হতো। সবাই মিলে মেহেদি পরতে দাদির কাছে ভিড় জমাতাম। সবার হাতেই করা হতো এক নকশা। কিন্তু তাই নিয়েই কত খুনসুটি। আমারটা বেশি লাল হয়েছে তোদের থেকে, এসব চলত। বেশি লাল করতে গিয়ে কত দিন হাতে মেহেদি নিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে শুনতে হতো মার বকুনি। কারণ মেহেদির রঙে রঙে ততক্ষণে একাকার বিছানা। এখন অবশ্য চাঁদরাতে মেহেদি দেওয়ার সুযোগ হয় না। তবে ছোটবেলার মেহেদি পরার আনন্দটার কথা খুব মনে পড়ে। এভাবেই ছোটবেলায় ঈদের সাজের স্মৃতিচারণা করছিলেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। ফ্যাশন হাউস মায়াসিরের কর্ণধার এই ডিজাইনারের পোশাকে অনেকেই সাজেন ঈদের সাজ। তাঁর সাজটা কেমন হবে ঈদের দিনে?ছোটবেলার মতো এখন আর খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না তাঁর। সকাল ১০টার দিকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে গোসল করে জামদানি শাড়ি পরবেন। হালকা বেগুনি হবে শাড়ির রঙটা। তাতে সোনালি বুটি থাকবে। আঁচলের নিচের দিকে থাকবে ঝালর। ব্লাউজটা হবে সুতির হাতকাটা। এর সঙ্গে মিলিয়ে পরবেন মুক্তার দুল আর মালা। মালাতে সাদা মুক্তার সঙ্গে হালকা বেগুনি পাথরের পুঁতি থাকবে।হাতে পরবেন দুটো রুপার মোটা বালা। চুলটা পনিটেইল করে একটা ছোট পাঞ্চে আটকে ছেড়ে রাখবেন। সাজটাও হবে খুব হালকা। তবে চোখে কাজল তো থাকবেই। এ সাজেই ঈদের দিন সকালে তিনি বের হয়ে পড়বেন আত্মীয়স্বজনের খোঁজখবর নিতে। মেয়ে জাজিলা আর ছেলে জারাকে নিয়ে দুপুর পর্যন্ত এবার তার বেড়ানো হবে খুব। বাচ্চাদের সাজানোর কাজটাও নিজেই করেন তিনি। মাহিন খান বলেন, ঈদের সকালে পরা যায় সুতি, টাঙ্গাইল বা জামদানি শাড়ি, যা আমাদের দেশের ঐতিহ্য। তার সঙ্গে মিলিয়ে গয়নাটাও দেশি ঢঙের হলে ভালো দেখায়। আর তার সঙ্গে সকালের সাজে আনা যায় একটু স্নিগ্ধতা। হালকা পাউডার দিয়ে তারপর চোখে একটু কাজলের রেখা টেনে নিলেই হয়। ঈদের দিনের বিকেলের সাজটা হতে পারে আরেকটু অন্য রকম। সালোয়ার-কামিজ, ফতুয়া পরা যেতে পারে। তার সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি, আংটি আর একটু হালকা মেকআপ। মাহিন খানের ঈদের দিনের বিকেলটা কাটবে এবার বন্ধুদের সঙ্গে। শাড়িটা বদলে একটা হালকা ক্রিম রঙের ফ্রক কাটিং ফতুয়া পরবেন খয়েরি লেগিংস দিয়ে। হাতে পরবেন এক গাছা মেটালের চুড়ি। কনিষ্ঠা আর অনামিকায় দুটো রুপালি আংটি। কানে থাকবে বড় রুপালি দুটো রিং। পায়ের চটিটাও হবে রুপালি রঙের। চোখে থাকবে হালকা শেড। ঈদের রাতের সাজটা হবে জমকালো। সিল্কের শাড়ির সঙ্গে একটু জড়োয়া গয়না না হলে কি ভালো দেখায়? এভাবেই বলেন তিনি। মেকআপটাও করা যায় একটু গাঢ় করে। বিশেষ করে কাজলটা মোটা টেনে চোখে গাঢ় শেড দেওয়া যেতে পারে রাতে। চুলটা ছাড়া অথবা খোঁপা করে রাখা যায়। মাহিন খানের অবশ্য ঈদের রাতটা পরিবারের সবাই মিলে একসঙ্গে কাটাতে বেশি পছন্দ। সবাই মিলে খাওয়া-দাওয়া আর গল্প করতে করতে কখন শেষ হয়ে যাবে ঈদটা, হয়তো টেরই পাবেন না।