ঈদের সেলামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সেলামি পাওয়া ছিল বরাবরের আনন্দের। আমরা যারা ছোট, যারা সে সময় এক সঙ্গে পকেটে পাঁচ টাকার বেশি চিন্তা করতে পারি না তারাও ঈদে বিশ পঁচিশ এমনকি খুব বেশি সৌভাগ্য হলে পঞ্চাশও পেয়ে যাই। আব্বা-আম্মা ছাড়াও বড় ভাই বোন, চাচাতো ভাই বোন সবাই সেদিন আমাদের শিকারে পরিণত হয়। ঈদের সকালে গোসলের পরই আমাদের এ শিকার পর্ব শুরু হয়। চলে ঈদগাহ থেকে ফিরে এ বাড়ি ও বাড়ি সেমাই খাওয়া পর্যন্ত।

আমার খুব বেশি কালেকশন যদিও ছিল না। নামাজ পড়তে যাওয়ার আগে আব্বা দিতেন দশ, আম্মা দিতেন দশ। অন্যদের কাছ থেকে তেমন চাইতে পারতাম না। লজ্জা-লজ্জা লাগত। কেউ যদি আগ বাড়িয়ে দিত তাহলে নিলাম, কেউ যদি ভুলে গেল তো গেল। বেলা এগারোটা বাজতে বাজতে আমার পকেটে বড়জোর ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা। তাতেই অবশ্য ভীষণ খুশি থাকতাম আমি। পঁয়ত্রিশ টাকাতে আমার ঈদ দিব্যি কেটে যেত।

খরচটা করতাম কী?
ঈদের দুপুরে প্রথম যেটা খেতাম সেটা হলো কোকাকোলা। তা পেপসিও হতে পারে জিনিসটা। কিন্তু আমরা সবকিছুকেই বলতাম কোকাকোলা। তখন তো ঘরে ঘরে ফ্রিজ হয়ইনি। কোকাকোলা খাওয়া ছিল তাই উৎসব। বাজারের মাঝখানে ছিল সলতু ভাইয়ের দোকান--রুচিতা কনফেকশনারি। আমি সবার চোখ ফাঁকি দিয়ে পৌঁছাতাম সেখানে। সবার চোখ ফাঁকি দেওয়ার কারণ, অবশ্যই কোকাকোলাতে ভাগ দিতে না চাওয়া। গিয়েই বেশ গম্ভীরভাবে কোকাকোলা চাইতাম। তারপর পাইপ লাগিয়ে চুকচুক করে খেতাম। গলায় ঝাঁঝ লাগলে খুশি হতাম। পরে ঝাঁজালো ঢেকুর উঠলে খুশিটা আরও বাড়ত। মনে হতো বড় হয়ে গেছি।
তা সেই কোকাকোলার দাম ছিল সাত টাকা। ফলে পকেটে আমার আরও অন্তত তেইশ টাকা থাকত। এর মধ্যে সিনেমা হলের গিয়ে ব্ল্যাকে দশ টাকার টিকিট পনেরো টাকায় কেটে দুই টাকার বাদাম কিনে ঈদের জমজমাট সাড়ে তিন ঘণ্টা পার করে দিতাম।

পকেটে তখনো তেরো চৌদ্দ টাকা। সিনেমা শেষ করে হলের সামনেই বিখ্যাত চান ভাইয়ের পান কিনে নিতাম। একটা আস্ত বড় খিলি, দাম দুই টাকা। কী যে সুগন্ধ সেই পানে। মুখে দিলে নরম মিছরির মতো লাগে।
তখনো পকেটে দশ বারো টাকা। এবার তিন চারটা লজেন্স কিনে বাড়ি। না হলে কাঠি বরফ। না হলে যা খুশি তা!
কিন্তু এক ঈদে আমি পাঁচ শ টাকা কুড়িয়ে পেলাম। পুরো ঈদ আমার মাথায় উঠল। প্যান্টের পকেটে সেই টাকা ভরে, তা হাত দিয়ে চেপে ধরে ঈদ কাটল ভয়ে ভয়ে। টাকাটা হারানোর দুশ্চিন্তায় না সলতু ভাইয়ের দোকান গেলাম, না সিনেমা দেখতে গেলাম, না চান ভাইয়ের পান খেলাম। জবুথবু কাটল ঈদ।

বাড়িতে দেখলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে ভেবে বাজারে এক কোনে, পুরোনো ইঁদারার পাশে, ততোধিক পুরোনো দেয়ালের অন্ধ খুপরিতে, আধলা ইটের তলায় টাকাটা লুকিয়ে রাখলাম।
রাতেও ঠিকমতো ঘুমাতে পারলাম না। ভোরে ছুটলাম ইঁদারার কাছে। কিন্তু অধলা ইটের তলায় টাকাটা নাই। ফিরে এলাম। আমি আমার ঈদের সেলামির বিশ টাকা নিয়ে ছুটলাম সলতু ভাইয়ের দোকান। ঈদ করলাম ঈদের পরের দিন। টাকাটা নিশ্চয় কেউ পেয়েছিল। আর এখন ধারণা করি, আমার ঈদের দিনটার মতো তার ঈদের পরের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল!