ঈদের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। নদীভাঙনে বিধ্বস্ত গ্রাম। স্মৃতি হাতড়ে নিজের গ্রামের যে ছবি মানসপটে ভেসে ওঠে সেটি আদর্শ কোনো গ্রামের ছবি নয়। যমুনার খরস্রোতে মাঠ-ঘাট বিলীন হতে দেখেছি, তিন পুরুষের কেনা জমি-জিরত হারিয়ে নিঃস্ব হতে দেখেছি আয়েশি ঢংয়ে জীবন কাটানো গ্রাম প্রধানদের। সে কালে গ্রামের অর্থনীতি ছিল সংকুচিত, জীবনযাত্রার মান ছিল নিম্ন। অভাব-অভিযোগ ছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। এ রকম একটি গ্রামে ঈদ আসত অনাবিল আনন্দ নিয়ে। রোজার শুরু হতেই গ্রামের মানুষদের ঈদের প্রস্তুতি নিতে দেখতাম। সচ্ছল যারা ছিলেন তারা বাচ্চাদের নতুন জামা বানিয়ে দিতেন। তখনকার দিনে তৈরি পোশাক কেনার চল তেমন ছিল না।

রোজার পাঁচ-দশটা যেতেই আমার নিম্নমধ্যবিত্ত পিতা আমাদের তিন ভাইকে সালাম চাচার দরজি দোকানে নিয়ে যেতেন। দোকানে দেখতাম সারি সারি থান কাপড় সাজানো। রং-বেরঙে অনেক কিছু ঝলমল করত। রুচিশীল পিতার সেদিকে নজর ছিল না। তিনি আমাদের জন্য পছন্দ করতেন চেক কাপড়, তিন ভাইয়ের জন্য একই চেক। এরপর বানাতে দেওয়া হতো হাফ-প্যান্ট, ছোটবেলায় আমরা যেটাকে বলতাম ইংলিশ প্যান্ট। ঈদের কেনাকাটা বলতে এই ছিল ক্ষুদ্র ব্যবসায়ী পিতার সামর্থ্য। মাঝে মাঝে অবশ্য বাটার লাল-জুতা কেনা হতো। ঈদের চার-পাঁচ দিন আগে অর্ডার দেওয়া জামা-কাপড় চলে আসত। সঙ্গে সঙ্গে ঈদের সব পোশাক আলমারিতে ঢোকানো হতো, যাতে পরিবারের বাইরের কেউ দেখে না ফেলে। কাজিনরা সবাই জিজ্ঞেস করত “তোদের ঈদের জামা এনেছিস?” আমরা মুখ মলিন করে বলতাম, “না, এখনো বানানো হয়নি।” আমরা নিজেরাও চেষ্টা করতাম কাজিনদের ড্রেস দেখে ফেলতে।
ঈদের আগের দিন পিতা আমাদের আবার ঈদ কেনাকাটায় নিয়ে যেতেন। তিনি আমাদের ভাই-বোনদের কাছে কার কী দরকার শুনতেন। আমাদের খুব বেশি দাবি থাকত না। সবার সবকিছু কিনে দিয়ে দেখতাম বাবার চোখে-মুখে পরিতৃপ্তির হাসি। এরপর বাবা আমাদের নাপিতের দোকানে নিয়ে যেতেন। সকল সওদা শেষ করে বাবা আমাদের বাড়িতে পাঠিয়ে দিতেন। বাড়িতে ফিরে দেখতাম মা ঘরদোর পরিষ্কার করছেন। পুরোনো জামা-কাপড় যা ছিল সব জেট ডিটারজেন্ট পাউডার ধুয়ে দিয়েছেন। সারা বাড়িতে ঈদের আমেজ। আমার ছোট ভাই ছিল শৌখিন প্রকৃতির সৃষ্টিশীল মানুষ। সে রঙিন কাগজ কেটে ঘর সাজাত, দেয়ালে বা দরজায় রাঙতা দিয়ে লিখত ‘ঈদ মোবারক’।

বিকেলে বাবা বাড়ি ফিরতেন নতুন সদাই নিয়ে। ব্যাগ খুলে দেখা যেত দাদি, মা ও নানির শাড়ি, নানার পাঞ্জাবি। আমরা সব ভাঁজ খুলে দেখতাম। মা বাবাকে জিজ্ঞেস করতেন, “তোমার জন্য কিছু কেনো নি?” বাবা এক কোনায় রাখা ব্যাগ হতে লুঙ্গি বের করে দেখাতেন। মা খুব মন খারাপ করতেন। সবকিছু গুছিয়ে রেখে বলতেন, “সবার জন্য সবকিছু কিনলে, তুমি কিছু কিনছ না কেন? তুমি একটা পাঞ্জাবি কিনে আন।” বাবা পীড়াপীড়ি করতেন, “কী দরকার এত টাকা খরচ করার? আমার গতবারের পাঞ্জাবি তো নতুনই আছে!” শেষমেশ দেখতাম মায়ের জয় হতো। বাবা একান্ত অনিচ্ছায় নিজের পাঞ্জাবি কিনে আনতেন।

ঈদের সকালে ঘুম ভাঙত মায়ের ডাকে। চোখ-মুখ ধুয়ে দেখতাম বাবা আরেক পর্বের কেনাকাটা করে এসেছেন। এবারের আইটেম কাচা বাজার- পাঁচতারা সেমাই, কসকো সাবান, ছোট বোনদের জন্য ফিতা, তিব্বত স্নো, মেরিল পাউডার, মুরগি, গরুর মাংস, আমাদের জন্য গেঞ্জি ইত্যাদি। মা সেমাই পায়েস রান্না শুরু করে দিয়েছেন। সকালে উঠে গোসল করার তোড়জোড় শুরু হতো। সবাই মিলে নদীতে ছুটে যেতাম। তারপর ঈদের নামাজের জন্য প্রস্তুতি। বড়রা পরতেন পায়জামা-পাঞ্জাবি, ছোটরা নতুন জামা-ইংলিশ প্যান্ট। সেসময়ে সেলামি খুব বেশি পাওয়া যেত না। আমাদের ভাগ্যে বড়জোর ১৫-২০ টাকা জুটত। বাবা দিতেন নতুন ৫ টাকার নোট, মা ২ টাকা। এখনকার ভোগ-বিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত কারও কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে। যে সময়ের কথা বলছি, তখন বিশ্ববাজারে এক ব্যারেল জ্বালানি তেলের মূল্য ছিল ১০ ডলার। ২০০০ টাকায় মধ্যবিত্ত একটি পরিবারের মাসের খরচ হয়ে যেত।

ঈদের দিন ছোটাছুটি করে বেড়াতাম। বাড়িতে অনেকেই আসত। ঈদের দিন চোখের পলকেই সময় কেটে যেত। এখন ঈদের দিন সময় কাটে না। ঈদের ছুটি নিয়েও নানা টানাপোড়েন চলে। বাড়ি ফেরার সময় চলে আসে, ছুটি মেলে না। কর্মস্থলে বন্দী জীবন কাটে। নানা আনুষ্ঠানিকতা দেখে ছোটবেলার জন্য বুকের ভেতর হাহাকার করে ওঠে। আহারে! কত মধুর ছিল সেসব দিন। মহাকালের স্রোতে হারানো সেই ঈদ কি আর ফিরে আসবে?