ঈদ-পরবর্তী ব্যবসায়িক চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় কোরবানির হাট মালিক সমিতি,
লেট ঈদ মোবারক। সামনে আপনাদের সুসময়, তাই দেরি করে ঈদ শুভেচ্ছা জানানোয় মাইন্ড করবেন না। আপনারা জানেন, ঈদ শেষ মানে আমাদের দিন শেষ, আর রমজানের ঈদ শেষ মানে আপনাদের দিন শুরু।
খুব দুঃখভারাক্রান্ত মনে আফসোসের সঙ্গে আপনাদের লিখছি। কী বিচিত্র এই দেশ বলুন! ঈদ চলে গেছে বলে পাবলিক তাদের মৌলিক চাহিদার অন্যতম একটি বিষয়—পোশাক, সেটাকেই পাত্তা দিচ্ছে না। এখন শপিং সেন্টারগুলোতে কাকও এসে বসে না। সেও কোরবানির হাটের আশপাশে ওড়ে। অথচ মাত্র কদিন আগে শপিং সেন্টারগুলোতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কী রাত, কী দিন—সব সময় মানুষ এমনভাবে ঘুরছিল, যেন পুরো শপিং সেন্টারটা একেকজন কিনে নিয়ে যাবে! কিন্তু হায়! এই জাতির সব আবেগ যেমন স্বল্পস্থায়ী, কাপড়চোপড় কেনার আবেগও স্বল্প দিনের। পাখিকে তারা ভালোবাসে, অথচ পাখিকে চায় কেবল ঈদে! এই ভালোবাসাতেও খাদ!
আপনাদের সামনে রমরমা দিন, মানুষ নাক চেপে যাবে আপনাদের হাটে। গরুর দরদাম করবে, সেলফি তুলে ফেসবুকে আপলোড দেবে। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। গরুর শিংয়ে আহত হওয়ার ঘটনা নিয়মিত, এ ছাড়া লাথি–গুঁতাও দেয়। কী অবাক করা বিষয়! তারা গরুর গুঁতা খেয়েও ফেসবুকে স্ট্যাটাস দেয়, ‘এইমাত্র একটা লাল কিউট গরু আমাকে গুঁতা দিয়েছে, কিউটিটার লেজের দিকটা হালকা পিংক ছিল!’
এতক্ষণ অভিমানের কথা বললাম। এবার একটা প্রস্তাব দিই। আমাদের যেমন খেতে হবে, আপনাদেরও তেমন পরতে হবে। আমাদের খাইয়ে আপনাদের পরতে হবে, আপনাদের পরিয়ে আমাদের খেতে হবে। আমাদের শপিং সেন্টারগুলো এসি করা, লিফট, এক্সেলেটর তো আছেই, মিউজিকের ব্যবস্থাও পাবেন, আছে ফুড কোর্টের সুবিধা। এই কোরবানির জন্য আপনারা চাইলে গরু–ছাগলের হাট আমাদের শপিং সেন্টারেই বসাতে পারেন। আলাদা স্পেস দেওয়া হবে আপনাদের জন্য। প্রতিটি গরুর জন্য খাঁচা রাখা হবে। এতে লাথি–গুঁতা খাওয়ার ভয় নেই। মানুষ আসবে, গরু কিনতে গিয়ে যদি গরুর জন্য একটা হাফপ্যান্ট পছন্দ হয়ে যায়, সে ক্ষেত্রে আমরাও ব্যবসা করতে পারব। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, থাকবে স্মোকিং জোন, গরুর বাছুরগুলোর সঙ্গে ছোট শিশুরা যাতে খেলাধুলা করতে পারে, সে ব্যবস্থাও রাখা হবে। সব মিলিয়ে ভেবে দেখুন, এই প্রস্তাবে আমরা সবাই লাভবান হবো বলেই আশা করি।
ভালো থাকবেন। আপনাদের গরু, ছাগল, মহিষ, ভেড়া ও উটগুলোর যত্ন নেবেন।
ইতি
শপিং সেন্টার মালিক সমিতি