ঈর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাই নীর, এই অঙ্কটা বুঝিয়ে দে তো।’‘দাঁড়া আগে মিসের সাথে কথা বলে আসি।’ নীর ছুটে বেরিয়ে গেল। হাসি হাসি মুখে ফিরে এসে বলল, ‘মিসের একটা ভুল হয়েছিল। তা-ই দেখিয়ে এলাম।’ আশ্চর্য! আমি যে জিনিস ক্লাসে বসে মিসের এক ঘণ্টা লেকচার শুনেও কিছুই বুঝলাম না, তা-ও কীভাবে এত দ্রুত বুঝে মিসের ভুলও বের করে ফেলল? ফিরে এসেই অসম্ভব সহজ-সাবলীলভাবে অঙ্কটা বুঝিয়ে দিল। অথচ আমি এত চেষ্টাতেও বুঝতে পারছিলাম না। বিস্মিত হয়ে ওর দিকে তাকাই। আসলে ঠিক বিস্ময় না, অন্য কোনো বোধ মনের ভেতর খেলে যায়। ‘কিরে, এমন হা করে কী দেখিস? তুই আর কী চাস বল তো? এত সাহায্যের পরও মনে হয় তোকে আমি একটা কিছু দেইনি, যার জন্য তুই অধীর আগ্রহে অপেক্ষা করছিস।’ নীরের কণ্ঠে রসিকতার সুর। ‘আমি চাই তোর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে প্রাণপ্রাচুর্য প্রবাহিত তার সমস্তটা। তোর সমস্ত প্রতিভা।’ মনে মনে আওড়াই আমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের কান্না ছুঁয়ে। নীর এমন একজন মানুষ, যে কি না সর্বক্ষেত্রেই পারদর্শী। শুধু কি অঙ্ক? বাংলা, ইংরেজি, সমাজ—কোন বিষয়ে যে অপটু তা আমি খুঁজে পাই না। গান, আবৃত্তি, অঙ্কন, বিতর্ক-সর্বত্রই তার দৃপ্ত পদচারণা। স্কুলের প্রতিটি অনুষ্ঠানের আয়োজক হিসেবে ও থাকবেই। আর কথার জাদুতে সবাইকে মুগ্ধ করে ফেলে। আমিও যে মেধাহীন তা নয়। নাচ, কবিতা-গল্প লেখা, ছবি আঁকা, এমনকি পড়ালেখাতেও ওর প্রায় সমকক্ষ। অভাব শুধু নীরের উচ্ছলতার। প্রতিটি কাজে ওর উদ্দামের কণামাত্রও আমার নেই। প্রাণঘাতী নয়, কিন্তু সারা জীবনের জন্য যে রোগে আমি আক্রান্ত, সেটা আমাকে প্রাণশক্তিহীন করে ফেলেছে। আমার খুব ইচ্ছা, যদি কোনো মন্ত্রবলে নীরের সমস্ত প্রাণপ্রাচুর্য আপনার করতে পারতাম!‘আচ্ছা যা, তুই যা চাস তা-ই পাবি।’ পরদিন স্কুলের মাঠে বসে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে বিষণ্ন সুরে বলল নীর। ভ্রূ কুঞ্চিত হলো আমার। আমার মনের কথা ও বুঝল কীভাবে? আর কি আশ্চর্য। সেদিনের পর থেকে নীর যেন হয়ে গেল শান্ত, নির্জীব, শ্যাওলাপড়া ডোবা; আর আমি যেন পাহাড়ি খরস্রোতা নদী। কোনো অনুষ্ঠানেই নীরের অংশগ্রহণ নেই। পড়াশোনাতেও অকারণেই আগের চেয়ে খারাপ করছে দেখে সবার চোখ কপালে উঠল। আর আমি যেন প্রজাপতি হয়ে সবকিছু রাঙিয়ে দিচ্ছি। অদ্ভুতুড়ে ব্যাপারই বটে। এর মধ্যেই নীর অসুস্থ হয়ে পড়ল। ধরা পড়ল ব্লাড ক্যানসার। ওকে শেষ চেষ্টার জন্য নেওয়া হলো সিঙ্গাপুর। সবার খুব মন খারাপ। ভেতরে ভেতরে আমি কিন্তু উল্লসিত, অথচ বাইরে শোকে মুহ্যমান। আমি প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাচ্ছি। প্রাণোচ্ছলতার জন্য প্রশংসায় ভাসছি তখন। যে আমি আগে দশটা বাজতেই ঘুমিয়ে যেতাম, সেই আমি কোনো এক অজ্ঞাত কারণে জাগতে পারি। অদ্ভুত এক শক্তি খেলে আমার সর্বত্র। প্রায় মধ্যরাতে পড়তে পড়তে এসবই ভাবছিলাম। ইশ! কারেন্ট চলে গেল। বাইরের অপূর্ব চন্দ্রালোকিত রাত এতক্ষণে দেখার অবকাশ পেলাম। দরজা খুলে নিস্তব্ধ বারান্দায় দাঁড়ালাম। ‘সবিতা’ ‘কে? কে ডাকে?’ চমকে পেছনে তাকালাম। ‘এত সহজেই ভুলে গেলি?’কণ্ঠে বিদ্রূপ মেশানো। ‘নীর! তুই...তুই...তুই তো সিঙ্গাপুরে!’‘ছিলাম। এখন আর নেই।’একটু থেমে বলল, ‘শুধু তোর ঈর্ষার কারণে।’ ‘মানে?’ জবাব নেই। শুধু অস্পষ্ট পূর্ণিমার আলোয় একঝলক ঠান্ডা বাতাস আমার ভেতরটাকেও কাঁপিয়ে দিয়ে গেল। জান্নাতুল মাওয়াহলি ক্রস স্কুল, ঢাকা।