উ অংচিদের খোঁজ রাখে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য শান্তিচুক্তির আগের অশান্ত পরিস্থিতির কথা ভুলতে পারেন না উ অংচিং মারমা। শান্তিবাহিনীর সদস্য ছিলেন তাঁর স্বামী। পরিবারের নিরাপত্তার কথা ভেবে থানচির নাইক্ষ্যংপাড়ার বাড়ি ছেড়ে ১৯৮২ সালে আশ্রয় নিয়েছিলেন বান্দরবানে। শঙ্খ নদীর পাড়ে ঝুপড়ি ঘর ঠাঁই হয়েছিল কিছুদিন। বন্যায় সে ঘরটিও ভেসে গেলে আশ্রয়ের সন্ধানে চলে যান দুর্গম বড়মদক এলাকায়। সেখানেও থিতু হতে না পেরে আবার ফিরে আসেন বান্দরবানে। বর্তমানে শহরের মধ্যমপাড়ার ভাড়া বাড়িতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কেবল উ অংচিং মারমার পরিবার নয় বান্দরবানের সাড়ে আট হাজার অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এসব পরিবারের পুনর্বাসন হয়েছে কি না, কেমন আছেন তাঁরা এ সংক্রান্ত তথ্য জানা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স একযুগ আগে উদ্বাস্তু পরিবারের তালিকা তৈরি করেছিল। উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি ও পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু আদিবাসী উদ্বাস্তু পরিবারগুলো পুনর্বাসিত হয়নি। অভ্যন্তরীণ উদ্বাস্তু তালিকা নিয়েও রয়েছে মতভেদ। উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সে জনসংহতি সমিতির প্রতিনিধি লক্ষ্মী প্রসাদ চাকমা বলেন, ‘অভ্যন্তরীণ উদ্বাস্তুদের যে তালিকা করা হয়েছিল তা মনগড়া। এ তালিকা শান্তিচুক্তির আলোকে হয়নি। চুক্তিতে বলা আছে কেবল আদিবাসী পরিবারগুলোকেই অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে তালিকাভুক্ত করা হবে। কিন্তু তা না মেনে বাঙালিদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমা বলেন, ‘আমি নিজেও অভ্যন্তরীন উদ্বাস্তু। উদ্বাস্তুদের তালিকা তৈরির পর টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি হয়নি। তালিকাভুক্ত উদ্বাস্তুরা এখন কে কোথায় কীভাবে বেঁচে আছে তা কেউ জানে না। খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবার ভূমির মালিকানা ফিরে পাননি। চরম আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। মংবাউ মারমা জানান, কাঁচা তরিতরকারি বিক্রি করে কোনো রকমে চলছে তাঁর পরিবার। অথচ থানচিতে যখন নিজের বাড়ি ছিল তখন গরু, ছাগল, গোলাভর্তি ধান-চাল কোনো কিছুরই অভাব ছিল না। হতাশ মংবাউ কবে পুনর্বাসিত হবেন জানেন না।