উ ৎ কট দুর্গন্ধে পথ চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালে পরিচ্ছন্ন হয়ে বাইরে বেরোতেই নাকে রুমাল দিতে হয়। উ ৎ কট দুর্গন্ধ ছড়ায় ডাস্টবিনটি। কোনো কোনো দিন দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা হয়। অথচ দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও কারও কোনো মাথাব্যথা নেই। সাড়ে চার বছর ধরে এই এলাকায় বাস করছি। প্রতিদিনই সেই একই চিত্র।’ চান্দগাঁও আবাসিক এলাকার কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দা এয়ারটেল রিলেশনশিপ সেন্টারে কর্মরত মৌসুমী নাথ এলাকার ডাস্টবিনের বিড়ম্বনা সম্পর্কে এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চান্দগাঁও আবাসিক এলাকার ভেতর ৩০ কদম হেঁটে গেলেই পূর্ব দিকে চোখে পড়বে এ ডাস্টবিন। ডাস্টবিনের উভয় পাশে প্রায় ২২-২৪ ফুট জায়গাজুড়ে স্তূপ হয়ে থাকে ময়লা-আবর্জনা। এসবের পচা দুর্গন্ধ ছড়ায় চারদিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো এলাকার জন্য মাত্র একটা ডাস্টবিন। প্রতিটা বাসায় এক দিনে যে পরিমাণ আবর্জনা জমে, একটা ডাস্টবিনে তার স্থান সংকুলান হয় না। এ ছাড়া সিটি করপোরেশন কর্তৃপক্ষও এটি নিয়মিত পরিষ্কার করে না। ফলে দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ।গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির (‘বি’ ব্লক) দুজন কর্মী আবদুস সালাম ও মো. আজিজুল বিভিন্ন বাসা থেকে ময়লা ভ্যানে করে এনে ডাস্টবিনে ফেলছেন। তাঁরা জানান, ‘এ’ ব্লক থেকে চার ও ‘বি’ ব্লক থেকে ছয়—মোট ১০ ভ্যান ময়লা প্রতিদিন এ ডাস্টবিনে ফেলা হয়। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রতি ১০-১৫ দিনে একবার এ আবর্জনা নিয়ে যায়। তাই এ বেহাল অবস্থা।এ প্রসঙ্গে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির (‘বি’ ব্লক) সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষ সপ্তাহে কমপক্ষে চার-পাঁচ দিন এ ময়লা পরিষ্কার করে। তবে কনটেইনার শুধু একটা হওয়ায় জায়গার অভাবে ময়লা জমে। তা ছাড়া আগে এটি পশ্চিম পাশে ছিল। ওই জায়গায় ফুটপাত নির্মিত হওয়ায় এটি সরিয়ে পূর্ব পাশে আনা হয়েছে। কিন্তু এ পাশে পর্যাপ্ত জায়গা নেই। ওই জায়গার তলাও পাকা করা হয়নি।’তিনি জানান, সমিতির পক্ষ থেকে সিটি করপোরেশনে ডাস্টবিনসংক্রান্ত সমস্যার কথা জানানো হলে তারা তিন লাখ টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে পূর্ব পাশে নালার ওপর স্ল্যাব নির্মাণ করে সেখানে কনটেইনার বসানো হবে। পুরো ডাস্টবিনই স্টিলের মাধ্যমে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। তবে হাসান মাহমুদ সিটি করপোরেশনের প্রকল্প হাতে নেওয়ার কথা বললেও যথাসময়ে তারা কাজ শুরু করতে পারবে কি না সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া কমপক্ষে দুটি কনটেইনারের ব্যবস্থা না হলে এ সমস্যা আদৌ দূর হবে কি না এ বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘ডাস্টবিনের দুর্গন্ধে মানুষের দুর্ভোগের অভিযোগ পেয়েছি। এ সমস্যা শিগগির সমাধান হয়ে যাবে। এ-সংক্রান্ত একটি প্রকল্পের কাজ শুরু হচ্ছে।’ সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আমির হোছাইন বলেন, ‘ডাস্টবিনের একপাশে স্বাধীনতা পার্ক, সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ, একটু এগিয়েই কর্মজীবী মহিলা হোস্টেল—এ রকম একটি জায়গায় ডাস্টবিন বসানোই ঠিক হয়নি। এটা স্থানান্তরের ব্যবস্থা করা দরকার।’