উঁচু দালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইংরেজিতে যাকে বলা হয় ‘স্কাইস্ক্র্যাপার’, তেমনই এক উঁচু দালান এই পৃথিবীর মানুষ প্রথম দেখেছিল প্রাচীন মিসরে। খ্রিষ্টপূর্ব ২৮০ সালে মিসরের আলেকজান্দ্রিয়ার একটি ছোট্ট দ্বীপে তৈরি হয়েছিল ‘ফারাওস টাওয়ার’। ওটা ছিল একটা ‘বাতিঘর’। দালানটির উচ্চতা আসলে কত ছিল, সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও ওটার উচ্চতা ছিল যথেষ্টই। মিসরে অবস্থিত পৃথিবীর সেরা পিরামিডগুলোর চেয়ে ওই দালানের উচ্চতা কম হলেও তা ছিল আধুনিক কালের ৪০ তলা একটি ভবনের সমান।
ওই ৪০ তলা উচ্চতার দালানের ওপরের দিকে ওঠার উপায় কী ছিল? প্রত্নতত্ত্ববিদেরাই জানিয়েছেন, ওতে নাকি লিফটের ব্যবস্থাও ছিল। চুনাপাথরের তৈরি ওই দালান ছিল বিভিন্ন তলায় বিভক্ত। এতে ছিল অজস্র কক্ষ। দালানটির মূল কাঠামো চুনাপাথরের হলেও সেটির বাইরের দিকটি ছিল মার্বেল পাথরখচিত। দালানের ছাদে ছিল শক্তিশালী বাতি। সেই বাতি আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করতে যাওয়া জাহাজগুলোকে পথ দেখিয়ে যেত নিরন্তর।
এটি মিসরে স্থাপিত হলেও এর মূল নকশা তৈরি হয়েছিল একজন গ্রিক স্থপতি সোসত্রাতোস চিনদোসের হাতে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল