উঁচু পাহাড়ে জলাধার দূর হলো পানির কষ্ট
খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড়ের একটি মহালছড়ি উপজেলার পক্ষীমুড়া পাহাড়। এই পাহাড়ের মাঝামাঝি অবিস্থত জগন্নাথপাড়া গ্রাম। গ্রামের ৭২ পরিবারের সুপেয় পানির কোনো ব্যবস্থা এত দিন ছিল না। পাহাড়ের পাদদেশে অবস্থিত ঝরনা থেকে পানি আনতে নামতে হতো হাজার ফুট নিচে। এক কলসি পানি আনতে ব্যয় হতো কয়েক ঘণ্টা সময়। তবে একটি ছোট উদ্যোগ পাল্টে দিয়েছে সবকিছু। জগন্নাথপাড়ায় এখন আর নেই পানির হাহাকার। জগন্নাথপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) সুজয় রঞ্জন চাকমার মুখে শোনা গেল পানির সমস্যা সমাধানের কাহিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘মহালছড়ি উপজেলার চেয়ারম্যান সোনারতন চাকমা নির্বাচিত হওয়ার পর আমাদের গ্রাম পরিদর্শনে আসেন। গ্রামের লোকজনের সঙ্গে আলাপ করার পর পানির সমস্যার কথা জানতে পারেন তিনি। পাহাড়ের অনেক উঁচুতে একটি ঝরনা আছে, গ্রামবাসী সেই ঝরনা থেকে পানি আনার ব্যবস্থা করার দাবি জানান তাঁর কাছে। চেয়ারম্যান তখনই ওই ঝরনাটির অবস্থান দেখে আসেন।’ পাহাড়ের গায়ে বড় বড় পাথরের মাঝ থেকে বেরিয়ে আসা পানির পরিমাণ বেশি না হলেও সারা বছর পানি পাওয়া যায়। কিন্তু অত উঁচু পাহাড়ের চূড়া থেকে পানি সরবরাহের ব্যবস্থা বেশ কষ্টসাধ্য। তবে সেই অসাধ্যও সাধন হলো একসময়।এই উদ্যোগের সঙ্গে যুক্ত মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা বলেন, ‘জগন্নাথপাড়া গ্রামের পানির সমস্যার সমাধান ছিল বেশ চ্যালেঞ্জিং। অত ওপর থেকে পানি সরবরাহের ব্যবস্থা করা বেশ কঠিন ছিল। এ জন্য ঝরনার পাদদেশে একটি বাঁধ দিতে হয়েছে। পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয় নলকূপের ফিল্টার ও প্লাস্টিকের নল। পাহাড়ের দুই জায়গায় বড় বড় জলাধার নির্মাণ করা হয়। এ কাজে এক হাজার ৮০০ ফুট লম্বা প্লাস্টিকের নল ব্যবহার করা হয়েছে।’ গ্রামের বাসিন্দা অতুল তালুকদার (৫৩) জানান, চেয়ারম্যানের প্রকল্প বাস্তবায়ন শেষ করার পর গ্রামের অপর অংশের বাসিন্দারা নিজস্ব উদ্যোগে আরও অন্তত দুই হাজার ফুট পাইপ লাইন বসিয়ে তাঁদের পানি সমস্যার সমাধান করেছেন। গ্রামের বাসিন্দাদের পানির চাহিদা মিটিয়ে এখন পাহাড়ের পাদদেশের বাগানেও পানি সেচ দেওয়া হচ্ছে। গ্রামবাসী দয়াময় চাকমা (৩৬) জানান, গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকেরা এখান থেকে পানি নিয়ে যায়। সব মিলিয়ে এ প্রকল্প থেকে অন্তত দেড় শ পরিবার পানির সুবিধা পাচ্ছে।গত বুধবার সরেজমিনে দেখা যায়, সরবরাহ পাইপ দিয়ে ঝরনার পানি এসে জমা হচ্ছে জলাধারে। এখান থেকে গ্রামবাসী ব্যবহারের পানি নিয়ে যাচ্ছেন। তবে এই পানি পুরোপুরি বিশুদ্ধ নয় বলে জানান গ্রামবাসী। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।