উইকি উৎসবে আঞ্চলিক সংস্কৃতির জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের দাওয়ায় আস্ত একটা সাম্পান। পাশে বসে মাছ কুটছে রাঙা বউ, জালি লাউয়ের ডগার মতো হাত তাঁর। স্বামী বেটা ইদানীং ঘর থেকে বেরোতেই চান না। রাঙা বউ ঠোঁটে কপট রাগের রং মিশিয়ে স্বামীকে বোঝায়—‘হামহরচ নঅ গরি ঘরত বই থাইলে হাইবা কী?’ (কাজ না করে ঘরে বসে থাকলে কী খাবে?)স্বামীর উত্তর—‘এহন সাম্পানত কেউ ন চড়ে, হারা দিন সাম্পান চালাই ৭০-৮০ টেঁয়া পাই, এ টেঁয়া দি ন পোষায়। সাম্পান এহন ঘরত আছে, ভালা আছে, ঘাটত গেলে আর ইছারবিছার থাইক তো নঅ। একদিন এই সাম্পান শঅরত যাইব, জাদুঘরত থাইব, মানুষ টিকিট কাডি সাম্পান চাইব।’ (এখন কেউ সাম্পানে চড়ে না, সারা দিন সাম্পান চালিয়ে ৭০-৮০ টাকার বেশি পাওয়া যায় না, এ টাকায় চলে না। একদিন এই সাম্পান শহরে যাবে, জাদুঘরে থাকবে, মানুষ টিকিট কেটে সাম্পান দেখবে।’)সংসারে স্বামী আর দেবরের দেখভাল করার পর সব ভাবনা-ভালোবাসা এই সাম্পান ঘিরে। অভাবে পড়ে সেই সাম্পান একদিন ঠিকই বিক্রির পাঁয়তারা করে, রুখে দাঁড়ান বউ। মিষ্টি কথায় বউয়ের মন ভোলান স্বামী, সাম্পান বিক্রি না করার ওয়াদা করে প্রেমের সাগরে নাও ভাসান তাঁরা। আর তখনই বাঁশিতে বেজে ওঠে কর্ণফুলীর সেই সুর—‘ওরে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা...।’ কিন্তু সেই সুর থেমে যায় অচিরেই, বউয়ের কান্নার জলে ভেসে যায় সাম্পান এবং জাদুঘরে ঠাঁই নেয়।হ্যাঁ, চট্টগ্রামের ঐতিহ্য সাম্পান এখন ঠিক জাদুঘরে ঠাঁই নেয়নি, দুই-একটা এখনো দেখা যায় কর্ণফুলীতে। কিন্তু সাম্পানের সেই ঐতিহ্য যে নেই তা বেশ বোঝা গেল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনির একটি নাটিকায়। এ নাটিকায় কলাকুশলীদের অভিনয়, শব্দ প্রক্ষেপণ ও উচ্চারণে কিছু সমস্যা থাকলেও ব্যতিক্রমী বিষয়-ভাবনা প্রশংসিত হয়েছে। উইকিপিডিয়া চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে উইকি চট্টগ্রাম উৎসবে ছিল চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির জয়গান। সোমবার শিশু একাডেমী প্রাঙ্গণে এ আয়োজন ছিল দেশের প্রথম উইকি উৎসব। উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সাংবাদিক এম নাসিরুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, উইকিপিডিয়া সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফিয়া গাজী রহমান। বক্তব্য দেন সমন্বয়কারী মাসুদ বকুল, আদনান মান্নান, এমরান হারুন, ইরফান নেওয়াজ খান, বনকুসুম বড়ুয়া, সৌমিত্র পালিত প্রমুখ। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫ মিনিটে আঞ্চলিক গান, নাটিকা, কৌতুক আর কবিতায় মঞ্চ মাতালেন। চ্যাম্পিয়ন হয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের দলটি। রানার্সআপ হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। উৎসবে আরও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী সঞ্জিত আচার্য, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও কবি কামরুল হাসান। কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর আগে ‘চট্টগ্রামকে কেন উইকিপিডিয়ায় তুলে ধরা দরকার’ বিষয়ে বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার। তিনি বলেন, উইকিপিডিয়ায় চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রূপলাবণ্য তুলে ধরতে হবে নানা বর্ণে নানা ঢঙে। এতে বিশ্বব্যাপী পরিচিতি পাবে চট্টগ্রাম। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মৌসুমী ও মুন্না শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণব সেজে ‘আঁর বউরে আঁই কিলাইয়ুম...’ গানে স্বামীর বউ পেটানোর দৃশ্য দেখে দর্শক-শ্রোতাদের মধ্যে হাসির ঢেউ ওঠে।