ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়া। বিশ্বের বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলায়ও উইকিপিডিয়া রয়েছে। কিন্তু এটা অত সমৃদ্ধ নয়। তাই বাংলা ভাষার এ বিশ্বকোষ সমৃদ্ধ করার পাশাপাশি চট্টগ্রামকে তুলে ধরতে হবে। ১২ আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) চট্টগ্রাম ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের এ আয়োজনে সহায়তা করে দৃষ্টি চট্টগ্রাম। এতে উইকিপিডিয়া সমন্বয় পরিষদ গঠন করা হয়।সেমিনারে বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব এবং এতে চট্টগ্রামসংক্রান্ত তথ্য ও ছবি সংযোজনের ব্যাপারে আলোচনা করেন বক্তারা। ছবি যোগ করার পদ্ধতি নিয়ে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। পাশাপাশি চট্টগ্রামের কোন কোন স্থানের ছবি উইকিপিডিয়ায় সংযুক্ত করা যায় সে সম্পর্কেও তিনি আলোকপাত করেন।এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, আইইউবি সমন্বয়ক এম নূরুজ্জামান ও সানসাইন স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। এ অনুষ্ঠানে আইইউবি, ইউএসটিসি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আইইউসি, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সানশাইন গ্রামার স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে চট্টগ্রাম উইকিপিডিয়া সমন্বয় পরিষদ গঠন করা হয়। এতে সাফিয়া গাজী রহমান আহ্বায়ক, দৃষ্টি সভাপতি মাসুদ বকুল ও আইইউবির শিক্ষক ইমরান হারুন যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নানকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। সদস্যরা হলেন প্রথম আলোর সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, ইউএসটিসির শিক্ষক ইরফান নেওয়াজ খান, আইইউসির শিক্ষক মোমিনুর রহমান, মাসুদ রানা, প্রকৌশলী বনকুসুম বড়ুয়া, সৌমিত্র পালিত ও মাহজাবীন নূর।