উইকিমিডিয়ার শীর্ষ পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিলা ত্রিতিকোভ
লিলা ত্রিতিকোভ

ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন লিলা ত্রিতিকোভ। মুক্ত সোর্স প্রযুক্তিতে ১৫ বছরের বেশি সময় ধরে শীর্ষ পদে কাজ করছেন তিনি। উইকিমিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়ার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগারসিআরএমের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া, সান মাইক্রোসিস্টেমে মুক্ত সোর্স প্রকল্পের প্রধান হিসেবেও কাজ করেছেন।
১৯৭৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম লিলার। তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইন বার্কলে থেকে কম্পিউটারবিজ্ঞান ও আর্ট বিষয়ে পড়াশোনা শেষে মেশিন লার্নিং বিষয়ে গবেষণায় যুক্ত হন। গণিতবিদ বাবা ও চলচ্চিত্রনির্মাতা মা পড়াশোনা কিংবা কাজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন লিলা ত্রিতিকোভকে। আর তাই পড়াশোনা শেষে ক্যালিফোর্নিয়াতেই প্রকৌশলী হিসেবে কাজ শুরু করা লিলা শুরুতে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তী সময়ে মুক্ত সোর্স ও ক্লাউডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগারসিআরএমের প্রধান তথ্য কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) হিসেবে দীর্ঘদিন কাজ করেন লিলা। এ ছাড়া, সান-মাইক্রোসিস্টেমে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করার পাশাপাশি যুক্ত ছিলেন সান-নেটস্কেপ অ্যালায়েন্সের জাভা সার্ভার কাজের সঙ্গেও। গবেষণা আর ইন্টেলিজেন্ট ডেটা ম্যাপিং ও ডায়নামিক ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন বিষয়ে অনেকগুলো পেটেন্ট রয়েছে লিলা ত্রিতিকোভের। ২০১২ সালে বিজনেস সার্ভিসে সেরা নারী নির্বাহী হয়ে স্টিভ পুরস্কার পান তিনি। চলতি মাসেই যুক্ত হয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে। সারা বিশ্বে ৮০ হাজারেরও বেশি উইকিপিডিয়ানদের (উইকিপিডিয়া স্বেচ্ছাসেবক) সঙ্গে মুক্ত জ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার কাজ করে যেতে চান লিলা।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: উইকিমিডিয়া ব্লগ, উইকিপিডিয়া, নিউইয়র্ক টাইমস