উইকিলিকসের নতুন বোমা
একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এবার ছাড়লেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বিশ্বজুড়ে তাঁদের শতাধিক কূটনৈতিক মিশনের মধ্যে লেনদেন হওয়া দুই লাখের বেশি গোপন বার্তা। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও ওই সব বার্তায় আছে বিশ্বের অনেক বড় নেতার স্বভাবচরিত্র ও ব্যক্তিগত দোষগুণ সম্পর্কে মার্কিন কূটনীতিকদের কিছু হালকা চালের মন্তব্যও। সব মিলিয়ে ব্যাপারটা খুবই বিব্রতকর হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য।মার্কিন কর্তৃপক্ষ উইকিলিকসের দলিল ফাঁসের ক্ষেত্রে আগেও যেমন বলেছে এর ফলে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে (আফগানিস্তান ও ইরাক যুদ্ধের নথি), এবারও তেমনি বলছেন মার্কিন কূটনীতিকেরা বিপদে পড়তে পারেন। তা হতে পারে কথিত ‘বেয়াড়া রাষ্ট্র্র’ বা সন্ত্রাসবাদীদের মতো নানা পক্ষ থেকেই।এ সপ্তাহে উইকিলিকসের এ ফাঁসের ঘটনার পরপরই তাদের ওয়েবসাইট অ্যাকসেস করা ঠেকানোর মরিয়া প্রচেষ্টা হয়। উইকিলিকস কর্তৃপক্ষ বলেছে, তাদের সাইট থেমে থেমে সমস্যার মধ্যে পড়েছে। একটি সমস্যা তৈরি করা হয় পরিকল্পিতভাবে একত্রে অগণিত হিট করার মাধ্যমে। এতে সাইটটি দেখা সাময়িকভাবে অসম্ভব হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র বা অন্য যাদের স্বার্থহানি হতে পারে তারাই যে এটি করবে তাতে আর সন্দেহ কী! এ ঘটনার পর স্পর্শকাতর কূটনৈতিক নথি দেখার ক্ষেত্রে সামরিক বাহিনীর অধিকার সীমিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।কিন্তু উইকিলিকসের সর্বশেষ দফা গোমর ফাঁক আসলেই কতটা ক্ষতিকর হতে পারে বা এর তাৎপর্যটাই কী তা নিয়ে নানা মুনির নানা মত। এ নিয়ে চায়ের টেবিলে ঝড় উঠেছে ভালোই। যেমন সত্যিকার অর্থেই এর মধ্যে নতুন কথাটা কী তা নিয়ে বিতর্ক হচ্ছে বিশ্লেষক মহলে। এ বিষয়ে তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।যেমন সৌদি, জর্ডানি ও অন্যান্য আরবনেতা যে ইরানের মতিগতি সম্পর্কে গভীর সন্দেহ পোষণ করেন তা সবারই জানা ছিল। কিন্তু তাঁরা ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর কতটা চাপ দিচ্ছিলেন তা এত দিন জানা ছিল না। এবার জানা গেল। এবং আরব নেতাদের কুলুপ আঁটা মুখ বলছে, ঘটনায় কিছু সত্য অবশ্যই আছে।ইরানের জন্য এসব নতুন কিছু নয়। তারা এ রকম সন্দেহ বরাবরই করে আসছে। এমনকি তাদের নিজের কাছেও এ খবর ইতিমধ্যে কিছু ধরা পড়া অসম্ভব নয়। কিন্তু এর ফলে ইরানের পরমাণু কর্মসূচি ও সে দেশে মার্কিন বা ইসরায়েলি হামলার আশঙ্কা নিয়ে বিতর্কটা আরও জোরদার হবে।ইরান নিয়ে এ নতুন তথ্য ফাঁস মার্কিনিদের জন্য খুবই বিব্রতকর। এ ছাড়া এতে যেসব আরবনেতাকে উদ্ধৃত করা হয়েছে তাঁরাও খুবই ক্ষুব্ধ হবেন সন্দেহ নেই।বিস্ফোরক এসব কাণ্ড করে অনেক প্রশ্ন আর বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এর একটির উত্তর মিলতে না মিলতেই তিনি ছুড়ছেন নতুন গোলা। রাজনৈতিক ভাষ্যকারেরা ‘স্রেফ মজা’ থেকে শুরু করে ‘স্বাধীন কূটনৈতিক কার্যকলাপের জন্য গুরুতর হুমকি’—এ রকম নানা ভাষায় আখ্যায়িত করেছেন একে। ব্রিটেনের দি টাইমস পত্রিকার এক উপসম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘ধরে নেওয়া যায় গুরুতর কোনো বিশ্বাসঘাতকতা বা কেলেঙ্কারি নয়, স্রেফ বিব্রতকর কিছু সত্যি বেরিয়ে আসতে পারে এ দফার “লিক” থেকে। তবে কূটনীতিকেরা এখন থেকে আর সাংকেতিক তারবার্তার মাধ্যমে সরল ও খোলামেলা অভিমত পাঠাতে না পারলে কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা আরও কঠিন হবে।’ফরেন পলিসিতে লেখা হয়েছে: মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নির্ভয়ে ওয়াশিংটনে সাদাসিধে ভাষায় এ ধরনের বার্তা পাঠাতে পারা উচিত। সকালে ঘুম থেকে উঠে দেখবেন নিউইয়র্ক টাইমস-এর প্রথম পাতাজুড়ে তাঁদের গোপন বার্তা—এমনটা অনাকাঙ্ক্ষিত। তা হলে কেউ ঝুঁকি নিয়ে আর খবর পাঠাবেন না।...এটা খুব উদ্বেগজনক। আবার দি টেলিগ্রাফ-এর বেনেডিক্ট ব্রোগান বেশ রগড় করেছেন বিষয়টা নিয়ে। তাঁর ভাষায়, এটা এক হিসেবে মজার ব্যাপার। ব্রোগানের যুক্তি, এতে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা মোটেই অপ্রত্যাশিত নয়। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ধরুন ফাঁস হওয়া গোপন বার্তায় দেখা গেছে, ইয়েমেনে গোপনে আল-কায়েদা সদস্যদের সাবাড় করছে যুক্তরাষ্ট্র। ব্রোগানের কথা, ‘এতে আর আশ্চর্য কী? আপনি কি মনে করেছিলেন ইয়েমেন সরকার নিজেরাই করছে তা?’... ‘কূটনীতিকেরা নাকি পাকিস্তানের পরমাণু অস্ত্র উপকরণ বেহাত হওয়ার ভয়ে শঙ্কিত। তাই? আমিও তো!’তবে জাতিসংঘের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পরামর্শ এবং রাশিয়া ও চেচনিয়ার মতো দেশকে স্পেনের আইনী কর্মকর্তাদের ‘মাফিয়া রাষ্ট্র’ বলার বিষয়গুলোকে নিশ্চয়ই হালকাভাবে দেখার কোনো উপায়নেই। ২৫১, ২৮৭টি বার্তার মধ্যে এ পর্যন্ত মাত্র কয়েক শ প্রকাশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ব্রিটেনের গার্ডিয়ান, ফ্রান্সের লো মঁদ, জার্মানির ডের স্পিগেল ও স্পেনের এল পেইস—অন্তত এ পাঁচ বিখ্যাত পত্রিকাকে উইকিলিকস সবগুলো বার্তার কপি সরবরাহ করেছে সুবিধামতো ছাপার জন্য।জুলাই মাসে আফগানিস্তান সংঘাতের ওপর ৭৭ হাজার গোপন মার্কিন ফাইল এবং অক্টোবর মাসে ইরাক যুদ্ধবিষয়ক চার লাখ দলিলপত্রের পর এটা উইকিলিকসের তৃতীয় বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা। সন্দেহের আঙুল এবারও মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক কর্মী ব্র্যাডলি ম্যানিংয়ের দিকে। আগের এক ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে গত জুনে ইরাকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত জুলাই মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ম্যানিংয়ের সিক্রেট ইন্টারনেট প্রটোকল রাউটার নেটওয়ার্কে (সিপরনেট) ঢোকার সুযোগ ছিল। এ নেটওয়ার্ক থেকে সরকারি ও কূটনৈতিক তথ্য সংগ্রহ করা যায়।