উইকিলিকসের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এর দূতাবাসগুলোর মধ্যে বিনিময় হওয়া গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে উইকিলিকস ওয়েবসাইট। ওয়েবসাইটটি বন্ধ করা এবং এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধরার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। কিন্তু বিশ্বে আসলে ঠিক কতটা প্রভাব ফেলেছে উইকিলিকসের প্রকাশ করা এসব গোপন বার্তা, তা পর্যালোচনা করে দেখেছেন লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক আনাতোল লিভেন।লিভেন উইকিলিকসকে লবণমাখা বাদামের সঙ্গে তুলনা করেছেন—যা যতই খাবেন, ততই খেতে ইচ্ছে করবে, আর ফুরিয়ে গেলে থাকবে অতৃপ্তির রেশ। লিভেনের মতে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ফাঁস করা গোপন তথ্যের বেশির ভাগই ইতিমধ্যে নানাভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।মার্কিন কূটনীতিকেরা ব্যক্তিগতভাবে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে অপছন্দ করেন কি না অথবা কারজাইয়ের পরিবার সত্যিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা আসলে কোনো খবর নয়। রাশিয়ার প্রশাসন কতটা দুর্নীতিগ্রস্ত বা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে পাকিস্তান প্রকাশ্যে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে, আর গোপনে কীভাবে মার্কিন প্রশাসনকে সমর্থন জানাচ্ছে, তা-ও আসলে তেমন অজানা ঘটনা নয়।তবে আমাদের জানা অনেক ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ পাওয়া বেশ চাঞ্চল্যকর। উদাহরণ হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ঘটনা উল্লেখ করা যায়। জারদারি নাকি চান, আততায়ীরা তাঁকে হত্যা করলে তাঁর বোন যেন ক্ষমতার উত্তরাধিকারী হন।উইকিলিকসের ফাঁস করা তথ্য থেকে পাওয়া সবচেয়ে বড় খবরটি সম্ভবত, ইরানের পরমাণু কর্মসূচি থামাতে সে দেশে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সৌদি আরব ও অন্যান্য আরব দেশের অনুরোধ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেশী আরব দেশগুলোর শাসকদের ভীতির কথা সবারই জানা। কিন্তু বিশ্লেষকদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ওই সব আরব দেশের জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার ভয় ইরানি পরমাণু কর্মসূচির ভীতিকে ছাপিয়ে যাবে। উইকিলিকসের ফাঁস করা তথ্য জানার পর ধারণাটি বদলেছে। দেখা যাচ্ছে, নিজ জনগণের ক্ষোভ আর ইরানের দিক থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা থাকলেও আরব নেতারা ওই ঝুঁকি নিতে তৈরি ছিলেন।আফগানিস্তানের হেলমান্দে ব্রিটিশ সেনাদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ প্রকাশের ঘটনা অতি গোপন কোনো বিষয় নয়। কিন্তু উইকিলিকসের তথ্য ফাঁসের পর বড় হয়ে চোখে পড়েছে যে বিষয়টি, তা হলো ঘনিষ্ঠ মিত্র ‘বড় ভাই’ যুক্তরাষ্ট্রের সামনে ব্রিটেনের নতজানু আচরণ। ইরাক যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র ইতালিকে নিয়ে যুক্তরাষ্ট্রের অপছন্দের বিষয়টিও যথেষ্ট সাড়া ফেলেছে।তবে মার্কিন কূটনীতিকদের ধারণা ও বিশ্বাস-সংক্রান্ত গোপন বার্তাগুলোর সবকিছুই সত্যি—এমনটি ধরে নেওয়ার কোনো কারণ নেই।সবশেষে যেটি বড় প্রশ্ন, তা হলো, এ ধরনের তথ্য ফাঁসের ঘটনা ভালো, না মন্দ? আনাতোল লিভেন বলেছেন—এ ধরনের উদ্যোগ আসলে ভালো।তথ্য ফাঁসের ঘটনায় উইকিলিকসের ওপর যারা সবচেয়ে বেশি ক্ষেপেছে, সেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর সরকারের বক্তব্য, এসব তথ্য ফাঁসের কারণে নিরাপত্তাগত হুমকির সৃষ্টি হয়েছে। কিন্তু এ ব্যাপারে বলা যায়, উইকিলিকস গোপন তথ্যগুলো ফাঁস করার আগে সেগুলো যথেষ্ট পর্যালোচনা করে দেখেছে।আরেকটি অভিযোগের দিক হচ্ছে, কূটনীতির ক্ষেত্রে কূটনীতিকদের গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা। এই বিতর্কটি তুলনামূলক শক্ত। কিন্তু এ ব্যাপারেও বলা চলে, পশ্চিমের দেশগুলোতে যে গণতন্ত্রের চর্চা হয়, সেখানে ভোটাররা সবকিছু জানার অধিকার রাখেন। ইতিমধ্যেই প্রমাণ হয়েছে, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে প্রচুর মিথ্যাচার ও ভুল তথ্য সরবরাহ করা হয়েছিল।সার্বিকভাবে পশ্চিমা বিশ্ব এক ধরনের নিরাপত্তা-আতঙ্কে ভুগছে। আর অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি ওই সব দেশে পরবর্তী প্রজন্মকে আরও বেশি আতঙ্কের অতলে ঠেলে দিতে পারে। বরং উইকিলিকস যত বেশি এ ধরনের তথ্য ফাঁস করবে, ভবিষ্যতের জন্য সেটা তত বেশি ভালো। বিবিসি থেকে অনূদিত