উখিয়া আওয়ামী লীগ দুই ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়া উপজেলা আওয়ামী লীগের কোন্দল এখন চরম আকার ধারণ করেছে। দুই গ্রুপ আলাদাভাবে পালন করছে দলীয় ও জাতীয় দিবসের কর্মসূচি। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করছেন তাঁরা। ফলে হতাশ হয়ে পড়েছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা জানান, এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি আদিল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর চৌধুরী, যুগ্ম-সম্পাদক শাহজাহান সিকদার ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। উভয় গ্রুপ দাবি করছেন নেতা-কর্মীদের অধিকাংশ তাঁদের সঙ্গে আছেন। দলীয় সূত্রে জানা যায়, উখিয়ায় কর্মসৃজন প্রকল্পের বাস্তবায়ন কমিটি গঠনকে কেন্দ্র করে এ বিভক্তি। গত বছরের অক্টোবর মাসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মসৃজন প্রকল্পের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এ কমিটি না মেনে পরবর্তী সময়ে ১৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সম্পাদক শাহজাহান সিকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কর্মসংস্থান প্রকল্পের আরেকটি বাস্তবায়ন কমিটি জমা দেওয়া হয়। এ ছাড়া গত ১২ নভেম্বর গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় উখিয়া আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী সাংসদ আব্দুর রহমান ওরফে বদির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এর পর থেকে গ্রুপিং চরম আকার ধারণ করে। এ প্রসঙ্গে সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ‘সাংসদ আব্দুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগে গ্রুপিং ও দ্বন্দ্ব শুরু হয়। তিনি সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দিয়ে আলাদা গ্রুপ সৃষ্টি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে পাশ কাটিয়ে দলের কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে দলের ক্ষতি হচ্ছে। তবে এ গ্রুপটির সঙ্গে মূল স্রোতের নেতাদের সংখ্যা নগণ্য হওয়ায় এঁরা ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে।’ জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, গত বার উপজেলা কর্মসৃজন প্রকল্পের কমিটিতে সদস্য হিসেবে যাঁরা ছিলেন এবারও উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ছাড়া তাঁদের নাম দেওয়ায় বঞ্চিত নেতা-কর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। তিনি জানান, তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটির ৩৪ জন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের নিয়েই সাংসদ আব্দুর রহমানের নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও দলীয় কর্মসূচি পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাহান সিকদার বলেন, সভাপতি তাঁর ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। সাধারণ সম্পাদক অসুস্থ। ফলে দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, ‘কিছু সুবিধাবাদী নেতার কারণে দলে বিভেদ সৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ইউপি নির্বাচনে স্থানীয়ভাবে দলের মনোনীত প্রার্থীদের জয়লাভ করা কঠিন হয়ে পড়বে।’ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ চলবে। আমি দলে বিভক্তি ও বিশৃঙ্খলা চাই না। সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ ও সিদ্ধান্ত মতে আমি উখিয়ার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। সুতরাং তাঁদের বিরুদ্ধে উস্কানি ও গ্রুপিং সৃষ্টি করার প্রশ্নই আসে না। তবে কারও জন্য দলের কার্যক্রম ও সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে না। ’ কোন্দল প্রসঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোছাইন বলেন, ‘দলে বিশৃঙ্খলা ও গ্রুপিং সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’