উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ইভ টিজিং না করার শপথ
‘অতীতে যা করেছি ভুল করেছি, আমাদের সহপাঠী ছাত্রীরা আমাদেরই বোন। ইভ টিজিং একটি জঘন্যতম অপরাধ, আজ থেকে আমরা ইভ টিজিং থেকে বিরত থাকব এবং অন্য কোনো বখাটে যেন আমাদের বোনদের উত্ত্যক্ত করতে না পারে সে ব্যাপারে সোচ্চার হব।’ গত ২৯ জুলাই এ শপথবাক্য পাঠ করেন উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। কলেজ মিলনায়তনে উখিয়া থানা পুলিশের উদ্যোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে ‘ইভ টিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ ও পুলিশের ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। বক্তব্য দেন উপপরিদর্শক (এসআই) মঈন উদ্দিন, অধ্যাপক অজিত দাশ, অলক রুদ্র, ফজলুর রহমান, নবী হোসেন, সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার, জিয়াউল হক, শিক্ষক পাবন বড়ুয়া, শিক্ষার্থী আফরুজা খানম, রাসেল উদ্দিন প্রমুখ। শপথগ্রহণ শেষে শিক্ষক পাবন বড়ুয়াকে সমন্বয়ক করে সাত সদস্যের উখিয়া ডিগ্রি কলেজ ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়।