উখিয়ার দুই লাখ মানুষের জন্য একজন চিকিৎসক
উখিয়ার প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। নয়জনের মধ্যে আটজন চিকিৎসকসহ প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারীর পদই শূন্য। দুজন সেবিকা দিয়ে কোনো রকমে চলছে স্বাস্থ্যকেন্দ্রটি।উপজেলার পাঁচ ইউনিয়ন হলদিয়াপালং, রত্নাপালং, রাজাপালং, পালংখালী ও দুর্গম উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের লোকসংখ্যা হবে প্রায় দুই লাখ। আর এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার ভরসা রাজাপালংয়ে অবস্থিত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি। সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্রে দেখা যায়, দুর্গম জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলমের প্রসূতি স্ত্রী তানিয়া বেগম কোনো চিকিৎসক না পেয়ে চলে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘খুব কষ্ট করে গাড়ি ভাড়া জোগাড় করে এখানে এসেছিলাম। কক্সবাজার যাওয়ার টাকা নেই, এখন কী করব বুঝতে পারছি না।’ একইভাবে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছিলেন হলদিয়াপালং থেকে আসা ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত আব্দুস শুক্কুর (৪০)। তিনি ক্ষুব্ধ হয়ে জানান, তাঁদের মতো প্রতিদিন বহু রোগী চিকিৎসাসেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এ সময় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষসহ আট চিকিৎসকের কক্ষে তালা ঝুলছে। বাকি একটি কক্ষ খোলা। সেখানে বসে ২০-২৫ জন রোগীকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিচ্ছেন আব্দুর রহিম। তিনি একইসঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তার (মেডিকেল অফিসার) দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁকে একবার জরুরি বিভাগে আবার ওয়ার্ডের রোগীদের দেখতে যেতে দেখা যায়। রত্নাপালং স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সহকারী সার্জন আয়ুব আলী সপ্তাহে দুদিন প্রেষণে দায়িত্ব পালন করেন। জারুরি বিভাগ প্রায় সময় তালাবদ্ধ থাকে বলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীরা জানান। স্বাস্থ্যকেন্দ্রের প্রশাসনিক কক্ষে বসে কাজ করছেন কার্যালয় সহকারী ফরিদ আলম ও ভান্ডাররক্ষক (স্টোরকিপার) নুরুল আলম। প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, চিকিৎসকের শূন্য পদগুলোর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও), আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জুনিয়র কনসালটেন্ড সার্জারি, জুনিয়র কনসালটেন্ড গাইনি, জুনিয়র কনসালটেন্ড মেডিসিন, জুনিয়র কনসালটেন্ড অ্যানেসথেসিয়া, চিকিৎসা কর্মকর্তা এবং ডেন্টাল সার্জন। নয়জন সেবিকার পদের বিপরীতে কর্মরত আছেন দুজন। একজন বালি শীল, অপরজন হাবিবা জান্নাত। এ ছাড়া দুজন মেডিকেল টেকনোলজিস্ট, ছয়জন ফার্মাসিস্ট, সাতজন এমএলএসএস এবং একজন করে পরিসংখ্যানবিদ, ক্লিনার, এক্স-রে টেকনেশিয়ান, ক্যাশিয়ার ও প্রধান সহকারীর পদ শূন্য রয়েছে। টেকনেশিয়ানের অভাবে এক্স-রে যন্ত্রটি গত সাত-আট বছর ধরে অকেজো পড়ে আছে। উপজেলার চারটি সাব সেন্টার হলদিয়াপালং, ইনানী, বালুখালী ও উখিয়ায় চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘উখিয়া স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। তাই চিকিৎসক-সেবিকাবিহীন স্বাস্থ্যকেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণার দাবি জানাচ্ছি সরকারের কাছে।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম বলেন, ‘আমি একাই সব দায়িত্ব পালন করছি। এতবড় একটি স্বাস্থ্যকেন্দ্রে আর কোনো চিকিৎসক নেই। আমি কি দৈনিক দাপ্তরিক কাজ করব না রোগী দেখব বুঝে উঠতে পারি না। তাই ব্যথা, সর্দি-কাশি ও সাধারণ রোগের চিকিৎসাসেবা দিচ্ছি। জটিল রোগী কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। চিকিৎক-সেবিকাসংকটের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ফল হচ্ছে না। ৩২ শয্যার হাসপাতালে মাত্র আটজন রোগী আছে।’ কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, ‘উখিয়া স্বাস্থ্যকেন্দ্রের করুণ অবস্থার কথা মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হবে।’ কক্সবাজার (৪) উখিয়া টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলাপ করে চিকিৎসক-সেবিকা সংকট নিরসন করব।’