উখিয়ার পাগলিরবিল রাবার ড্যাম অচল বিপাকে চাষিরা
কক্সবাজারের উখিয়া উপজেলার পাগলিরবিল রাবার ড্যামটি সংস্কার না করায় প্রায় ছয় হাজার চাষি বিপাকে পড়েছেন। গত জুলাই মাসে রাবার ড্যামটি ছিঁড়ে গেলে চাষাবাদ বন্ধ থাকে।
২০০৫ সালে রেজু খালের মোহনায় প্রায় পাঁচ কোটি টাকায় এই রাবার ড্যামটি বাস্তবায়ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় লোকজন জানান, রাবার ড্যামটি নির্মাণের পর উখিয়া ও রামু উপজেলার দারিয়ারদীঘি, বড়ঢেবা, পাগলিরবিল, হালুকিয়া, ছায়াখোলা, উত্তর বড়বিল, লেংগুলবিলসহ ১২টি গ্রামের অন্তত ছয় হাজার কৃষক চাষাবাদ করে আসছেন। পাহাড় থেকে নেমে আসা ঝরনা ও বৃষ্টির পানি রাবার ড্যামের মাধ্যমে রেজুখালে আটকে রেখে এই চাষাবাদ করা হতো। এখন পানি ধরে রাখার ব্যবস্থা নেই বলে চাষাবাদও বন্ধ।
১৮ নভেম্বর বিকেলে সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যামটি অযত্নে পড়ে আছে। পানি ধরে রাখার রাবারটি নেই।
স্থানীয় হালুকিয়া গ্রামের চাষি মনির উল্লাহ (৪৫) জানান, গত বছর তিনি এ সময় রাবার ড্যামের পানি ব্যবহার করে তিন কানি জমিতে মরিচ, বেগুন, ঢ্যাঁড়স, টমেটোসহ শাকসবজির খেত করেছিলেন। রাবার ড্যামে পানি না থাকায় এবার চাষাবাদ করতে পারেননি। ফলে পরিবার–পরিজন নিয়ে তিনি বেকায়দায় আছেন। দ্রুত রাবার ড্যামটি সংস্কার করলে বিপুল পরিমাণ চাষি বিপদমুক্ত হতেন।
পাগলিরবিল সিকদারপাড়া রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রাশেল আবছার সওদাগর ও সাধারণ সম্পাদক ছৈয়দ হোসাইন বলেন, এর আগেও রাবার ড্যামটি তিনবার সংস্কার করে চাষাবাদের সুযোগ করে দিয়েছিল এলজিইডি। এটি এখন অকেজো হয়ে গেছে। খালটিও ভরাট হয়ে গেছে। তাই নতুন জায়গায় আরেকটি রাবার ড্যাম নির্মাণ করে চাষিদের সমস্যা দূর করতে হবে। নইলে প্রায় ছয় হাজার চাষির চার হাজার ৬০০ একর জমি অনাবাদি থেকে যাবে।
সমিতির নেতারা বলেন, রাবার ব্যাগ পরিবর্তন ও খালটি খননের জন্য এলজিইডি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একাধিক আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত সাড়া মেলেনি। রাবার ড্যামটি সংস্কার হলে ধান চাষের পাশাপাশি মাছ, সবজি চাষসহ ব্যাপক উন্নয়নমূলক চাষাবাদ করে কৃষি অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে।
এ প্রসঙ্গে এলজিইডি উপজেলা প্রকৌশলী সুমন মোহাম্মদ বলেন, রাবার ব্যাগ পরিবর্তনের বরাদ্দ চেয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ব্যয় বহুল রাবার ব্যাগটি বিদেশ থেকে আনতে হচ্ছে বলে একটু সময় লাগছে।