কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের বনাঞ্চলের পাহাড়ের ঢালু ও উঁচু স্থানে প্রায় ৫০ হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রতিবছর বর্ষা মৌসুমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। বন বিভাগের পক্ষ থেকে ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেই। জানা গেছে, গত দুই বছরে বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ২১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত জুন মাসে দুই পরিবারের সাতজনসহ ১০ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অনেকে। উখিয়া বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পালংখালী, রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং ও হলদিয়াপালং ইউনিয়নে বন বিভাগের সংরক্ষিত পাহাড়ি এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ পাহাড়ের ঢালু এবং উঁচু স্থানে ঘর তৈরি করে বসবাস করছে। গত ২৬ জুন দুই দিনের টানা ভারী বর্ষণে পাহাড়ধসে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী সোনারঘোনা এলাকার মৃত দুদু মিয়ার পরিবারের চার সদস্য মারা যান। একই দিন পাশের পাহাড়ের উঁচু স্থানে কয়েকটি ঘরে আশ্রয় নেওয়া চারজনের প্রাণহানি ঘটে। এ ছাড়া রত্নাপালং ইউনিয়নের আমতলী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় বসবাসরত সোনা আলীর পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়ে মারা যায়। এর আগে ২০১১ সালের জুন মাসে পালংখালী ইউনিয়নের তেলখোলায় দুজন, ২০১০ সালের ১৫ জুন পালংখালী রহমতের বিল এলাকায় পাঁচজন, ধামনখালী গ্রামের একজন, জালিয়াপালং ইউনিয়নের ইনানী-হিমছড়িতে একজন এবং পাটুয়ারটেক এলাকার একজন পাহাড়ধসে মারা যায়। সরেজমিনে দেখা যায়, হলদিয়াপালংয়ের সোনারঘোনা এলাকায় পাহাড়ধসে যে বাড়িতে সাতজনের মৃত্যু হয়, সেই বাড়ির আশপাশে আরও ২৫-৩০টি পরিবার বর্তমানে ঝুঁকি নিয়ে বসবাস করছে। এদের মধ্যে সাহাব উদ্দিন, মোক্তার আহমদ ও নুরুল হক বলেন, ‘আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। কোথাও জমি কিনে বসতবাড়ি করে থাকব সে সামর্থ্যও নেই। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এখানে থাকছি।’ পশ্চিম পালংখালী ও রহমতের বিল পাহাড়ি এলাকা এবং পালংখালী মোছারখোলা পাহাড়ের ঢালুতে প্রায় ২০০ পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এদের মধ্যে কথা হয় মোছারখোলা পাহাড়ে বসবাসকারী দিনমজুর শাহ আলম (৩০), ওসমান (২৯) ও কাঠুরিয়া ছিদ্দিক আহমদের (৪০) সঙ্গে। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসের ব্যাপারে জানতে চাইলে তাঁরা পাল্টা প্রশ্ন করেন, ‘আমাদের অন্য কোথাও থাকার মতো জায়গা-জমি নেই। সরকারের পক্ষ থেকে অন্য কোথাও আশ্রয় না দিলে এখান থেকে যাব কোথায়?’ ২৪ আগস্ট রত্নাপালংয়ের ভালুকিয়া ও আমতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় বসবাসকারী অর্ধশতাধিক দিনমজুর, রিকশাচালক, কৃষক ও কাঠুরিয়া পরিবারের লোকজনেরও ছিল একই রকম প্রশ্ন। হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, গত ২৫ ও ২৬ জুন ভারী বৃষ্টিপাতের সময় এবং এর পরও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরে যাওয়ার জন্য প্রশাসন অথবা বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করছে বলে তিনি জানান। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাত-আট হাজার মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব পরিবারকে পুনর্বাসনের আওতায় এনে অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।’ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, তাঁর অধীন ছয়টি বনবিট এলাকার পাহাড়ের ঢালু ও উঁচু স্থানে প্রায় ৩৫ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য গত জুন মাসের শুরুতে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বন বিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা সুনীল কুমার দেব রায় জানান, তাঁর রেঞ্জের আওতাধীন পাঁচটি বনবিট এলাকার ছোট-বড় অর্ধশতাধিক পাহাড়ে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করছে। সেখান থেকে সরে আসার জন্য বারবার তাগিদ দিলেও তারা তা শুনছে না। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস এবং পাহাড়ধসের ঘটনা সম্পর্কে গত ১৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। বিশাল এ জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করেই সরিয়ে নেওয়া প্রয়োজন। আমাদের সীমিত জায়গায় এটা করা সহজ নয়। পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।’