উখিয়ার মরিচকলটি বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে উখিয়ার ব্যস্ততম বাজারে চালু রাখা হয়েছে মরিচকল। কল থেকে ছড়িয়ে পড়া মরিচ গুঁড়া বাতাসে মিশে বিদ্যালয়গামী শিশুদের চোখেমুখে লাগছে। নষ্ট হচ্ছে শিশুদের চোখ। দুর্ভোগের কবলে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। বাজারে অবৈধভাবে মরিচকলটি স্থাপন করা হলেও কেউ উচ্ছেদের উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, প্রায় ছয় মাস আগে ব্যস্ততম দারোগা বাজারের প্রবেশমুখে মরিচ গুঁড়া করার জন্য একটি কল স্থাপন করেন সেলিম মিস্ত্রি নামের এক ব্যবসায়ী। কলটি চালু করলে মরিচের গুঁড়া বাতাসে ছড়িয়ে যায়। এতে স্থানীয় শিক্ষার্থী ও পথচারীর চোখে গুঁড়া এসে পড়ছে। এখানকার বাসিন্দারা মরিচকল উচ্ছেদ করতে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে কয়েক দফা অভিযোগপত্র দেন। কিন্তু এখন পর্যন্ত কলটি উচ্ছেদ করা হয়নি। উল্টো মরিচকলের মালিক স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, পরিবেশ অধিদপ্তর মরিচকলটি উচ্ছেদের উদ্যোগ নিলে পুলিশ সহযোগিতা করবে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে তৈরি করা মরিচকলটি সরিয়ে নিতে মালিককে ইতিমধ্যে তিনটি নোটিশ পাঠানো হয়েছে। এখন এটি উচ্ছেদ করে মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মরিচকলের মালিক সেলিম মিস্ত্রি বলেন, কলটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তিনি একটি পাকা ঘর খুঁজছেন।