উখিয়ার শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার শ্রমবাজার রোহিঙ্গা শ্রমিকে ভরে গেছে। বাস, ট্যাক্সি ও রিকশা স্টেশনসহ গ্রামাঞ্চলের শ্রমবাজারে এখন কাজ করছে কয়েক হাজার রোহিঙ্গা শ্রমিক। এতে প্রায় তিন হাজারেরও বেশি স্থানীয় শ্রমিক বেকার হয়ে পড়ছেন। রোহিঙ্গারা তুলনামূলক কম পারিশ্রমিক নেওয়ায় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে নিয়োগকর্তারা রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে কাজে লাগাচ্ছেন বলে স্থানীয় শ্রমিকেরা জানান।সরেজমিনে দেখা যায়, ধানকাটা, মাটিকাটা, ক্ষেত-খামারে কাজ করা, নির্মাণশ্রমিক, হোটেলশ্রমিক, ধানকলের শ্রমিক, বাসা-বাড়ির কাজের ছেলে বা মেয়ে, দর্জিসহ বিভিন্ন পেশায় রোহিঙ্গারা কাজ করছেন।জানা যায়, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা ঢেঁকিবনিয়া, আকিয়াব, বুচিধংসহ বিভিন্ন গ্রাম থেকে রোহিঙ্গারা সমপ্রতি মিয়ানমার সরকারের দেওয়া কাঁটাতাঁরের বেড়া পেরিয়ে অবাধে উখিয়ায় আসা-যাওয়া করছে। এ ছাড়া বাংলাদেশে অবস্থিত কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবির এবং এই দুই শিবিরের আশপাশের বস্তিগুলোতে অবস্থান নেওয়া রোহিঙ্গারাও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে শ্রম বিক্রি করছেন। যদিও প্রশাসন বলছে, শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের দেশে শ্রমবাজারে কাজ করার কোনো অধিকার নেই।জানা গেছে, রোহিঙ্গা শ্রমিকেরা কাজ করেন দৈনিক ৪০-৬০ টাকা মজুরিতে। অন্যদিকে স্থানীয় একজন শ্রমিকের দৈনিক মজুরি ১৫০-২০০ টাকা। এরকম কমদামে শ্রমিক পাওয়ায় স্থানীয়দের বদলে রোহিঙ্গা শ্রমিকদের কাজ দেন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকেরা। উপজেলার রাজাপালং ইউনিয়নের ধানকাটা শ্রমিক মফিজুল ইসলাম, আব্দুল মালেক ও নুরুল হক অভিযোগ করেন, ‘কমদামে রোহিঙ্গাদের পেয়ে ক্ষেতের মালিকেরা আমাদের কাজে ডাকেন না।’ নির্মাণশ্রমিক আবদুল মান্নান, রশিদ মিয়া ও মো. ইউনুছ বলেন, ‘ভাই যেখানে যাই সেখানে দেখি রোহিঙ্গারা কাজ করছেন।’ হোটেলশ্রমিক কবির আহমদ, আব্দুস শুক্কুর ও বাচ্চু মিয়া জানান, ‘উখিয়ার হোটেলমালিকেরা কমদামে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাতে পেরে আমাদের চাকরি দেন না। তাই পেটের দায়ে কমদামে চাকরি করছি।’ রাজাপালংয়ের রিকশাচালক মোজাহের মিয়া ও কামাল মিয়া হতাশার সুরে বলেন, ‘রোহিঙ্গাদের কারণে কমভাড়ায় রিকশা চালিয়ে সারা দিনে দুবেলা ভাতের টাকা জোগাড় করতে পারছি না।’ রোহিঙ্গাশ্রমিক জামাল উদ্দিন, মো. ইলিয়াছ, বাট্টু মিয়া ও কাদের হোসেন বলেন, ‘এখানে কাজ করে যাই পায় তা আমাদের লাভ। মালিকেরা আমাদের কাজের জন্য খাবার দেন। কখনো কখনো ক্যাম্প থেকে নিয়ে আসে। তা ছাড়া কমদাম পেলেও আমাদের ক্ষতি নেই। এখানে কাজ করতে পারছি—এটাই বেশি।’উখিয়া জিপ-মাইক্রো শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহা আলম, হোটেলশ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক রিন্টু বড়ুয়া বলেন, ‘মালিকেরা তাঁদের ইচ্ছেমতো কমদামে রোহিঙ্গাদের নিয়োগ দেন। এতে আমাদের তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁরা বলেন, সরকারের এমন আইন করা উচিত যাতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ স্থানীয়ভাবে শ্রমিক হিসেবে নিয়োগ না পায়। নূরুল হোটেলের মালিক নূরুল কবির, সাইফ হোটেলের মালিক নূরুল আবছার ও চুমকী হোটেলের মালিক রমজান আলী জানান, কম বেতনে পাওয়া যায় বলে রোহিঙ্গাদের নিয়োগ দেওয়া হয়। তবে রোহিঙ্গারা এখানে আসতে না পারলে তাদের নিয়োগও দেওয়া যেত না। তাঁরা অভিযোগ করেন, ‘স্থানীয় শ্রমিকেরা নিয়মিত কাজ করেন না। এতে আমরা বেকায়দায় পড়ি।’উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও অনুপ্রবেশ প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আমাদের অনেক শ্রমিক বেকার দিন কাটাচ্ছেন। বিষয়টি বিবেচনায় এনে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত পুশব্যাক ও প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা প্রয়োজন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমান বলেন, ‘কোনো রোহিঙ্গা এ দেশে ওয়ার্ক পারমিট (কাজের অনুমোদন) ছাড়া কাজ করলে সে এবং যার অধীন কাজ করছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুতুপালং শরণার্থী শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাম্প ইনচার্জ) ফজলে রাব্বী এ প্রসঙ্গে বলেন, ক্যাম্পের চারদিকে সীমানাপ্রাচীর না থাকায় নিবন্ধিত রোহিঙ্গারা কর্তৃপক্ষের অগোচরে ক্যাম্পের বাইরে গিয়ে শ্রম বিক্রি করেন। সমপ্রতি বাইরে যাওয়ার অপরাধে অনেক রোহিঙ্গার রেশন বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন গত ৩০ জানুয়ারি মতবিনিময় সভায় বলেছেন, ‘রোহিঙ্গাদের যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’