উখিয়ার সবুজ বেষ্টনীর ঝাউগাছ উজাড়
উখিয়ার উপকূলে ঝাউবাগান থেকে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এর ফলে উপকূলের সবুজ বেষ্টনী উজাড় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপকূলের লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। এই ঝড়ের পর কক্সবাজার অঞ্চলের উপকূলে সরকার ঝাউবাগান সৃজনের উদ্যোগ নেয়। উপকূলীয় এই সবুজ বেষ্টনীর ঝাউগাছ এখন ১৫ থেকে ২০ ফুট উচ্চতার পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে। ঝাউগাছের গুঁড়ি নির্মাণকাজে ব্যবহূত হয় বলে পাচারকারীদের চোখ পড়েছে ঝাউবাগানের দিকে।সরেজমিনে দেখা যায়, উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের রেজুখালের মোহনা থেকে মনখালী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার ঝাউবাগানের গাছ কাটছে কাঠ পাচারকারীরা। এলাকাবাসী জানান, ১৫ থেকে ২০ দিন ধরে ঝাউবাগান নিধন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। উপজেলার রূপপ্রতি, নিদানিয়া, রেজুখাল এলাকাসহ কয়েকটি স্থান ঝাউ গাছশূন্য হয়ে পড়েছে। উপজেলার চেপটখালী গ্রামের বাসিন্দা আবদুস ছালাম (৪৫) জানান, দুই থেকে তিনটি কাঠ পাচারকারী দল প্রতিরাতে উপকূলের ঝাউগাছ কেটে সমুদ্রপথে এবং রেজুখাল দিয়ে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাচার করছে। জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিরাতে যে হারে উপকূলের বিভিন্ন স্থানের ঝাউবাগান উজাড় হচ্ছে, তা বন্ধ না হলে দুর্যোগের হুমকি বাড়বে। এর ফলে জালিয়াপালং ইউনিয়ন অরক্ষিত হয়ে পড়বে।’উপকূলের বাসিন্দারা জানান, এখন একটু ভারী বৃষ্টি হলে সমুদ্রের জোয়ারের পানি জনবসতির কাছাকাছি চলে আসে। স্থানীয় বন বিভাগের উদাসীনতার কারণে উখিয়ার উপকূল অরক্ষিত হয়ে পড়ছে বলে তাঁরা অভিযোগ করেন। ইনানী সংরক্ষিত বনাঞ্চল রক্ষা কমিটির মনখালী শাখার সভাপতি মোস্তাক আহমদ বলেন, ‘বসতবাড়ি ও অবকাঠামো নির্মাণকাজে এখন ঝাউগাছ ব্যবহূত হচ্ছে। এ কারণে উপকূলের ঝাউগাছ পাচার হচ্ছে। বন বিভাগ কঠোর না হওয়ায় সংঘবদ্ধ বনদস্যুরা গাছ কেটে সমুদ্রপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।’ ইনানী বন রেঞ্জ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে পাচারের জন্য মজুদ রাখা দুই শতাধিক ঝাউগাছের গুঁড়ি উদ্ধার করা হয় উপজেলার মনখালী বটতলী বাজার থেকে। ঝাউগাছ কাটার অপরাধে বেশ কয়েকজন তালিকাভুক্ত পাচারকারীর বিরুদ্ধে মামলাও হয়েছে কিন্তু এরপরও বন্ধ করা যাচ্ছে না কাঠ পাচার।ইনানী রেঞ্জ কর্মকর্তা সুনীল দাশ বলেন, গত অক্টোবরে ঝাউগাছ উজাড়ের ঘটনায় বন আইনে তিনটি মামলা করা হয়। এ ছাড়া উপকূলের ঝাউগাছ উজাড়কারীদের তালিকা করা হচ্ছে। এর পরও রক্ষা করা যাচ্ছে না উপকূলের রক্ষাবেষ্টনী ঝাউ বাগান।সহকারী বন সংরক্ষক উখিয়া বশিরুল আল মামুন ঝাউগাছ উজাড়ের কথা শিকার করে বলেন, বন বিভাগের একার পক্ষে অভিযান চালিয়ে ও পাহারা দিয়ে ঝাউবাগান রক্ষা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে এলাকাবাসীকে ঝাউগাছ উজাড় প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এ ছাড়া উপকূলের ঝাউগাছ রক্ষায় জরুরি ভিত্তিতে উপকূলীয় বন বিট কার্যালয়গুলোতে আরও জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।