সমপ্রতি উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নতুন বছরের শুরুতে এবং বিদায়ী বছরের শেষ মাসে বেপরোয়া হয়ে ওঠে ডাকাতেরা। গত দুই মাসে অর্ধশতাধিক ডাকাতি, ১০টি খুন, বেশ কয়েকটি অপহরণ, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপকূলের ৩০ হাজার মানুষ এখন ডাকাত আতঙ্কে রয়েছেন।উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাতের ভয়ে রাতে পাহারা বসিয়েছেন এলাকাবাসী। কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ার কয়েকটি জায়গায় বাস ডাকাতির ঘটনায় সেন্ট মার্টিন ও টেকনাফে পর্যটকদের আসা-যাওয়া কমে যায়।অনুসন্ধানে দেখা যায়, ২০১০ সালের জানুয়ারিতে উপজেলার বিভিন্ন গ্রামে এবং কক্সবাজার-টেকনাফ সড়কে পর্যটকবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি, খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ২ জানুয়ারি সন্ত্রাসীরা পালংখালী ইউনিয়নের মোছার খোলার ঢালায় জিপ, বেবি-ট্যাক্সিসহ অর্ধশতাধিক পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ৩ জানুয়ারি কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ার থাইংখালীর গয়ালমারা ঢালায় ভোর পাঁচটায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী বাসসহ ১০-১৫টি গাড়িতে ডাকাতি করা হয়। ডাকাতদল নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং এস আলম বাস ভাঙচুর করে। ৮ জানুয়ারি হলদিয়াপালং ইউনিয়নের থোইংঙ্গাকাটা গ্রামে সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িসহ পাঁচ বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা ছব্বির আহাম্মদ (৪২) আহত হন। ১৪, ১৬, ২০ জানুয়ারি গভীর রাতে জালিয়াপালং ইউনিয়নের মনখালী, মাদারবনিয়া, চেপটখালী, রূপপতি, চোয়াংখালী গ্রামের প্রায় ৫০টি বাড়িতে ডাকাতি হয়।২৪ জানুয়ারি কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া ঢালায় বরযাত্রীর গাড়িসহ কয়েকটি গাড়ি ডাকাতের কবলে পড়ে। এ ছাড়া ১ জানুয়ারি রাজাপালংয়ের হরিণমারা গ্রামে শ্যালকের হাতে খুন হন নুরুল হক (৪০)। ১৮ জানুয়ারি রত্নাপালংয়ে পরকীয়া প্রেমের জের ধরে নিহত হন দুলাল বড়ুয়া (৪২)। উখিয়া থানা পুলিশ জানিয়েছে, এ দুটি হত্যাকাণ্ড ছাড়া আরও চারটি খুনের ঘটনা ঘটেছে। ১০ জানুয়ারি কোটবাজারের চিংড়ি ব্যবসায়ী মোহাম্মদ আলী এক লাখ টাকা এবং ১৯ জানুয়ারি জালিয়াপালং সোনাইছড়ি গ্রামে সৌদি প্রবাসী জহির আহাম্মদের ৫০ হাজার টাকা দামের মুঠোফোন দিনদুপুরে ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।ডাকাতকবলিত গ্রামবাসী জাহেদ আলম (৪৫), নুরুল ইসলাম সিকদার (৫০) ও মাহবুবুল আলম (৪০) জানান, গত দুমাসে প্রায় রাতে কোনো না কোনো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী ডাকাতের ভয়ে রাতে গ্রামের যুবকদের দিয়ে পাহারা বসিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও সোলতান আহাম্মদ বলেন, প্রতি গ্রামে ১০-১৫ যুবক লাঠিসোটা নিয়ে পাহারা দেন। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, উপকূলীয় দুর্গম এলাকার ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ ডাকাত আতঙ্কে রয়েছেন। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকায় ডাকাতি প্রতিরোধে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। গত ১০ ডিসেম্বর বালুখালীর ধামনখালী, ১৭ ডিসেম্বর থাইংখালীর গজুঘোনা গ্রামে, ১৯ ডিসেম্বর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী ঢালায় পর্যটকবাহীসহ ১০টি গাড়িতে, ২০ ডিসেম্বর থাইংখালী তেলখোলা সড়কের ঢালায় যাত্রীবাহী দুটি জিপ ও পাঁচটি বেবিট্যাক্সিতে ডাকাতি হয়। ডাকাতকবলিত গ্রামবাসী ও উখিয়া থানা সূত্রে জানা যায়, গত দুমাসে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১২টি, খুনের অভিযোগে ১০টি, অপহরণ পাঁচটি, ধর্ষণ দুটি ও ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা নথিভুক্ত হয়েছে।৩ ফেব্রুয়ারি কোটবাজারপালং গার্ডেনে অনুষ্ঠিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। টেকনাফের সেন্ট মার্টিনের হোটেলব্যবসায়ী মাহাবুব আলম জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটন ব্যবসার ওপর বিরূপ প্রভাব পড়েছে। আগের তুলনায় গত দুমাসে পর্যটকদের আগমনের হার খুবই কম। টেকনাফের উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বিভিন্ন ঢালায় ডাকাতি হওয়ায় বিশেষ করে জানুয়ারিতে টেকনাফে পর্যটকের আগমনে ভাটা পড়ে। কক্সবাজার আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা ডাকাতদের কারণে উপজেলার সর্বত্র ডাকাতির ঘটনা ঘটছে। উখিয়ার উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং ডাকাতি বন্ধে পুলিশের জনবল বাড়ানো জরুরি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘আমি উখিয়ায় যোগ দিয়েছি কিছু দিন আগে। উপকূলের সঙ্গে উখিয়ার যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। তা ছাড়া পুলিশের জনবল কম। তারপরেও উখিয়ার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’