উখিয়ায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
রাসপূজায় যাওয়ার জন্য স্বামীকে একটি শাড়ি কিনে দিতে বলেছিলেন রমা বালা রুদ্র। কিন্তু স্বামী সেলুনশ্রমিক রণজিত রুদ্র টাকার অভাবে স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারেননি। এ নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। সেই অভিমানে গলায় দড়ি দিলেন রমা বালা। ঘটনাটি গত বছরের ১৭ নভেম্বরের। উখিয়ার রাজাপালংয়ের পাতাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। উখিয়ায় এ রকম আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ আত্মহত্যার ঘটনাই গলায় ফাঁস লাগিয়ে কিংবা বিষপানে ঘটছে। থানা সূত্রে জানা যায়, ২০১০ সালে আত্মহত্যার ঘটনায় ১২টি অপমৃত্যুর মামলা হয়। এতে আত্মহত্যায় মারা গেছেন ১৮ জানুয়ারি সোনা বিবি (৩০), ১৭ ফেব্রুয়ারি রাবেয়া বেগম (২৫), ১৯ ফেব্রুয়ারি মোহাম্মদ জলিল (৩৫), ২১ মে আবদুল হাকিম (৩০), ১৫ জুন তারেক আজিজ (১৭), ২৭ জুন মোহাম্মদ আলম মাঝি (৪০), ১ জুলাই সিরাজ মিয়া (২১), ২৬ সেপ্টেম্বর মোহাম্মদ বেলাল উদ্দিন (৪২), ১৭ নভেম্বর রমা বালা রুদ্র (২৫) ও রোজিনা আক্তার (২২), ১০ ডিসেম্বর মনোয়ারা বেগম (২২)। এ ছাড়া কক্সবাজার সদর হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অথবা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা গেলে এগুলো সাধারণত থানায় রেকর্ড হয় না, এ রকম অনেক ঘটনাও রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালেও ১৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মাহামুদ বলেন, ‘উখিয়ায় আত্মহননের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। যা পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। এসব ঘটনার পুলিশি তদন্তে দেখা যায়, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে বিষপানে ও গলায় ফাঁস লাগিয়ে।’ উখিয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম জানান, ‘ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা মহাপাপ। এ সম্পর্কে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে প্রত্যেক মসজিদে ইমামদের আলোচনা করা প্রয়োজন। যাতে বিবেক জাগ্রত হয় ও পরিবারের সমপ্রীতি বাড়ে।’ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের (কমপ্লেক্স) চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, ‘মানুষের মনের মধ্যে আত্মহত্যার ইচ্ছা সৃষ্টি হওয়া এটা একধরনের মানসিক রোগ। মূলত পারিবারিক কলহ, সহিংসতার কারণে কষ্ট সইতে না পেরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে এ পথ বেছে নেয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম জানান, ‘উখিয়ায় যেভাবে আত্মহত্যার ঘটনা ঘটছে তা সত্যিই উদ্বেগের বিষয়। এ ব্যাপারে মানুষকে সচেতন করা দরকার।’