উখিয়ায় কর্মসৃজন প্রকল্পে নয়ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের খেলার মাঠ ভরাটের জন্য গত মার্চ মাসে কর্মসৃজন প্রকল্পের আওতায় ২০৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রকল্প উন্নয়ন কমিটির সভাপতি করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফজল কাদেরকে। কিন্তু ২০৬ জনের জায়গায় কাজ করেছেন মাত্র ১৫ জন শ্রমিক। অবশিষ্ট শ্রমিকের টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খেলার মাঠটিও আগের অবস্থায় রয়ে গেছে। স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রমিক সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করে দৈনিক ১৭৫ টাকা করে ভাতা পাবেন। কাজ করবেন সপ্তাহে পাঁচ দিন। কিন্তু প্রকল্প কমিটির সভাপতির যোগসাজশে কাজে উপস্থিত দেখিয়ে অবশিষ্ট শ্রমিকের টাকা তুলে ভাগবাটোয়ারা করা হয়েছে। যাঁরা কাজ করেননি তাঁদের দেওয়া হয়েছে দৈনিক ৫০ থেকে ৭৫ টাকা করে।প্রকল্প সভাপতি ফজল কাদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, মাঠ ভরাটের জন্য ২০৬ জন শ্রমিকই কাজ করেছেন। নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁরা টাকাও তুলে নিয়েছেন। কিন্তু বৃষ্টির কারণে মাঠের বালু অন্যত্র সরে গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভেলুয়ারমা মসজিদের পুকুর খননের জন্য ৩৭০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু কাজ না করেই সব টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে। এই প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য বাদশা আলম বলেন, শ্রমিক দিয়ে পুকুরের খননকাজ আগেই শেষ করা হয়েছে। এখন আবার ভরাট হয়ে গেছে। উপজেলার জালিয়া পালং রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হলেও স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম নয়জন শ্রমিক দিয়ে নিজের পানের বরজের কাজ করিয়ে প্রকল্পের টাকা শেষ করেন। ১০ আগস্ট রাস্তা পরিদর্শনে গিয়ে সংস্কারের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে শামসুল আলম কথা বলতে রাজি হননি। একইভাবে জালিয়াপালং ইউনিয়নের চারটি প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য ৫০০ শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ৫০ জন শ্রমিক দিয়ে সবকাজ শেষ দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। জানা যায়, কর্মসৃজন প্রকল্প বাস্তাবায়নের ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল (২০১২-১৩ অর্থবছর) এক কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে ৬৫টি গ্রামীণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার বলেন, কাজের নামে কর্মসৃজন প্রকল্পের প্রায় কোটি টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে। এ নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলমের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব এবং কাবিখা-১ এর উপপরিচালক মো. আতাউর রহমান উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্যরাও অনিয়ম দুর্নীতির তদন্ত করছেন। পিআইও শফিউল আলম প্রকল্পকাজ তদন্তের কথা স্বীকার করলেও দুর্নীতি ও অনিয়ম নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আমিন ছিদ্দিক বলেন, ইতিমধ্যে আমরা ২০টির বেশি প্রকল্প অনুসন্ধান করে কাজের কোনো অস্তিত্ব পাইনি। সবকাজ অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনপ্রতিধিরা মিলে যেভাবে সরকারি অর্থ (কর্মসৃজন প্রকল্পের) আত্মসাৎ কারেছেন, তাতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুণ্ন হচ্ছে সরকারের ভাবমূর্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন উপসচিব অভিযোগ তদন্তের জন্য সরেজমিন উখিয়া পরিদর্শন করে গেছেন। এরপরও কর্মসৃজন প্রকল্পের অনিয়ম দুর্নীতির ব্যাপারে কারও আপত্তি থাকলে লিখিতভাবে জানাতে পারেন।