উখিয়ায় ট্যুরিজম প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ
উখিয়ার সোনারপাড়া রেজু সেতুসংলগ্ন ব্যক্তিমালিনাধীন ইন্ট্রাকো প্রজেক্ট ট্যুরিজম নামের প্রতিষ্ঠানে বন বিভাগের কর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানের নামে ওই প্রতিষ্ঠানের কয়েকটি কাঁচাঘর (কটেজ) ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ইন্ট্রাকো প্রজেক্ট ট্যুরিজমের আঞ্চলিক পরিচালক আমজাদ হোসেন জানান, ‘১২ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় একদল বনকর্মী প্রতিষ্ঠানের দরজা ভেঙে ভেতরে ঢুকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা চারটি কটেজ ঘর ভাঙচুর শুরু করেন। এ সময় আমাকে রশি দিয়ে বেঁধে মারধর করে ও হাতে থাকা দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর কটেজের পরিচিতি ফলক (সাইনবোর্ড), ফটকসহ বিভিন্ন স্থাপনা ও আসবাব ভাঙচুর করা হয়। দুটি খোলা জিপে করে আমাদের বিপুল পরিমাণ লোহা ও সিমেন্ট নিয়ে যান বনকর্মীরা। অভিযানের আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি।’ প্রতিষ্ঠানের কর্মীরা জানান, ইন্ট্রাকো প্রজেক্ট ট্যুরিজমের চেয়ারম্যান চট্টগ্রামের ব্যবসায়ী হাকিম আলী। আট বছর আগে তিনি স্থানীয় লোকজন থেকে চার একর জমি কেনেন। তাতে পর্যটকদের বিনোদনসেবা দিতে ইন্ট্রাকো প্রজেক্ট ট্যুরিজম গড়ে তোলা হয়।প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আশরাফ আলী জানান, ‘কটেজ তৈরির আট বছরে বন বিভাগের লোকজন কোনো দিন আমাদের কাছে আসেননি, অভিযানও চালাননি। ওই জমি তাঁদের এমন কোনো অভিযোগও করা হয়নি। কিন্তু রহস্যজনক কারণে অভিযানের নামে প্রতিষ্ঠানের ক্ষতি করা হলো।’ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুলকৃষ্ণ দাশ জানান, ‘জায়গাটি বন বিভাগের, তাই অভিযান চালানো হয়েছে। বন বিভাগের জমিতে অভিযান চালানোর আগে নোটিশের প্রয়োজন পড়ে না।’ এক প্রশ্নের জবাবে ডিএফও বলেন, ‘একসময় জমিটি বন বিভাগের ছিল। কিন্তু বিএস জরিপে ভুলবশত বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায়। আমরা আদালতে সংশোধনী মামলা করেছি।’বিপুলকৃষ্ণ দাশ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে মারধর, চাঁদা দাবি ও লুটের কথা সত্য নয় বলে দাবি করেন।