উখিয়ায় ডাকাতের ভয়ে গ্রামবাসীর পাহারা
চুরি, ডাকাতি, খুন, ছিনতাই ও অপহরণের মতো অপরাধ বেড়েছে উখিয়ায়। গত দুই মাসে সড়কে ডাকাতিসহ একাধিক অপরাধের ঘটনা ঘটলেও পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। থানায় নথিভুক্ত ঘটনার চেয়ে প্রকৃত অপরাধের ঘটনা অনেক বেশি। পুলিশের সহায়তা চাইতে থানায় গিয়েও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এবং ২৪ ফেব্রুয়ারি উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভা অনুষ্ঠিত হয়। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ দুটি সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন বছরের শুরু থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি মনখালী বাজারে ও ছয় ফেব্রুয়ারি মরিচ্যা বাজারে ১০-১২টি দোকানে চুরির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি চাল ব্যবসায়ী মো. ফারুক ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাঁর এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটায় উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী মহিবুর রহমান অপহূত হন। দু-দিন পর ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে র্যাব ঢাকা-১০-এর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ১০ ফেব্রুয়ারি গভীর রাতে টেকপাড়া গ্রামের সৌদি প্রবাসী আমির হামজার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাতের হামলায় ১৫-২০ জন আহত হন। ডাকাতদল স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল লুট করে। ৯ ফেব্রুয়ারি রাত ১০টায় পানেরছড়া ঢালায় সশস্ত্র ডাকাতদল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী ১০-১৫টি গাড়িতে লুটপাট চালায়। একই রাতে তিনটার দিকে গয়ালমারা এলাকায় চোরাইকাঠ বোঝাই জিপ আটক করার সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহ জালালসহ চারজন বনকর্মী আহত হন। আহত রেঞ্জ কর্মকর্তা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।গত জানুয়ারিতেও বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ৯ জানুয়ারি জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের কাজলী বেগমকে (১৭) দুর্বৃত্তরা গলা টিপে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ১০ জানুয়ারি উপকূলীয় দুর্গম এলাকা চেপটখালী ঢালায় ১০-১২টি গাড়িতে ডাকাতি হয়। ১৩ জানুয়ারি গভীর রাতে পালংখালী পশ্চিমপাড়া এলাকায় পুলিশ ও ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ দুই ডাকাত আটক হয়। ১৫ জানুয়ারি দুপুর একটায় থাইংখালী তেলখোলা সড়কে গণডাকাতি হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা জোরালো নয় বলে অভিযোগ উঠেছে। উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য বক্তার আহমদ জানান, কয়েকদিন আগে অভিযোগ নিয়ে থানায় গেলে সেখানে পুলিশের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, তাঁদের ইউনিয়নের কয়েকটি গ্রামে মানুষ ডাকাতের ভয়ে রাতে পালাক্রমে পাহারা দিচ্ছে। কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, ‘পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’ এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।’উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’