উখিয়ায় তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বড় বুদ্ধমূর্তি। ২৪ নভেম্বর বিকেলে বিহার প্রাঙ্গণে কঠিন চীবরদান অনুষ্ঠানে বুদ্ধমূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ও একুশে পদকপ্রাপ্ত ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ।
উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারের পরিচালক ও উপাধ্যক্ষ প্রজ্ঞাবোধি থের জানান, মহাপরিনির্বাণ শয্যার গৌতম বুদ্ধমূর্তিটি লম্বায় হবে ১৩০ ফুট। এতে বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। এ বিহারে প্রতিবছর কঠিন চীবরদান উৎসব হলেও এবার বিশেষ মাত্রা যোগ করেছে এশিয়ার বৃহত্তম বুদ্ধমূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। ইতিমধ্যে এটি নির্মাণের জন্য ১৫ লাখ টাকার অনুদান পাওয়া গেছে। মূর্তিটি নির্মাণ করবেন মিয়ানমারের কারিগর উচিংপ্রু রাখাইন। বর্তমানে রামুর চাকমারকূলের বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রে অবস্থিত ১০০ ফুটের সিংহ শয্যার বুদ্ধমূর্তিটি সবচেয়ে বড়।
সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী পান্না লাল বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন লোহাগাড়া মহাবোধি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা জীনানন্দ মহাথের। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। আশীর্বাদক ছিলেন বিহারের অধ্যক্ষ রেবতপ্রিয় মহাথের। ধর্মদেশনা করেন কুশলায়ন থের, সারমিত্র মহাথের, জ্যোতিসেন থের, শাসনপ্রিয় মহাথের, শীলবোধি ভিক্ষু, চন্দবোধি ভিক্ষু, জ্যোতিপ্রজ্ঞা থের, জ্যোতিলংকা থের প্রমুখ।