উখিয়ায় দখলস্বত্বে বিক্রি চলে বনের জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে অবৈধ ঘরবাড়ি নির্মাণ চলছেই। বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের লোকজনের ব্যস্ততার সুযোগে প্রভাবশালী মহল নতুন করে বনভূমির মাটি ও গাছ কেটে ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরি করছেন বলে জানা গেছে। এতে বিভিন্ন জাতের বন্য প্রাণী হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি উখিয়া সদর বনরেঞ্জের আওতাধীন দোছড়ি বনাঞ্চলে গিয়ে দেখা গেছে, সংরক্ষিত বনাঞ্চল দখল করে অর্ধশতাধিক ঘরবাড়ি তৈরি করা হয়েছে। জানা গেছে, অনেকে গাছপালা কেটে বনভূমির জায়গার দখলস্বত্ব বেচাবিক্রিও করছেন। স্থানীয় বাসিন্দা ছৈয়দ হামজা (৩৫) জানান, প্রভাবশালী ব্যক্তিরা মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে সংরক্ষিত পাহাড় ও গাছপালা নিধন করছেন। এরপর ওই খালি জায়গার দখল একরপ্রতি আট থেকে ১০ লাখ টাকা দামে অন্য লোকের কাছে বেচে দিচ্ছেন। এলাকার কিছু লোক ঘরবাড়ি তৈরি করার জন্য কিনে নিচ্ছেন এসব বনভূমি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রুহুল আমিন বলেন, পাহাড় ও গাছ নিধনের কাজ চলে মূলত রাতের বেলায়। এ কারণে কাউকে ধরা সম্ভব হয় না। স্থানীয় বন বিভাগও রহস্যজনকভাবে এ ব্যাপারে নীরব থাকে। দোছড়ির বনভূমিতে অবৈধ ঘরবাড়ি নির্মাণ অব্যাহত থাকায় হাতি, হরিণ, বানরসহ নানা রকম বন্য প্রাণীর বিচরণ আগের মতো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলায় বন বিভাগের আটটি বিটের অধীনে প্রায় ১০ হাজার হেক্টর বনাঞ্চল রয়েছে এর মধ্যে থাইংখালী, পালংখালী, বালুখালী, রাজাপালং, ওয়ালাপালং, ভালুকিয়া ও হলদিয়াপালং এলাকার অন্তত পাঁচ হাজার হেক্টর ভূমি অবৈধ দখলে চলে গেছে। এসব বনভূমিতে অসংখ্য ঘর তৈরি করে এক লাখ রোহিঙ্গাসহ প্রায় দেড় লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছে।
স্থানীয় স্কুলশিক্ষক জানে আলম ও সামাজিক বনায়ন উদ্যোক্তা নুরুল আমিন বলেন, ওয়ালা বনবিট কার্যালয়ের আশপাশে দুই শতাধিক বড় আকারের গর্জনগাছ ছিল। বন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে স্থানীয় অসৎ ব্যক্তিরা সেখান থেকে প্রতি রাতেই দু-একটা করে গাছ কেটে নিচ্ছেন। প্রতিটি গাছ বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকায়। বর্তমানে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি গাছের অস্তিত্ব নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, এলাকার বনদস্যুরা সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে। বনভূমির মাটি কেটে সেখানে মাছের ঘের ও বসতবাড়ি তৈরি করছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদারেরা বনকর্মীদের ওপর হামলা চালায়। ওদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না।
উদাহরণ দিয়ে বালুখালী বিট কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সম্প্রতি হাতির ঢেরা পাহাড়ে সামাজিক বনায়নের নামে বিশাল বনভূমি দখল করে নেয় কতিপয় ভূমিদস্যু। তাদের উচ্ছেদ করতে গেলে দুই বনপ্রহরীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে দখলদারেরা। পরে আহত অবস্থায় দুই প্রহরীকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করা হলেও অভিযুক্ত ব্যক্তিদের এখনো ধরা হয়নি।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, বনাঞ্চল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে উপজেলা মাসিক সমন্বয় সভায় একাধিকবার প্রস্তাব তোলা হয়েছে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও বন বিভাগের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হবে।