লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্র চালাতে না পারায় উখিয়ার প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়নি এবার। পল্লী বিদ্যুতের এ অবস্থার কারণে গত বছরও সহস্রাধিক হেক্টর জমিতে চাষ হয়নি। ফলে দুই শতাধিক কৃষক ক্ষতির শিকার হচ্ছেন। এবার বোরোর লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর বোরো মৌসুমে প্রায় দেড় হাজার সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এবার এক হাজার ২০০ সংযোগ দেওয়া হয়েছে। অনেকে সেচের সংযোগ নিতে আবেদন করেননি।গত ২২ ফেব্রুয়ারি উখিয়ার শত শত কৃষক বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। বোরো মৌসুম ও এসএসসি পরীক্ষার সময় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তাঁরা। কৃষকদের পক্ষে পরিকল্পিত উখিয়া চাই পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ সিকদার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের কৃষক শামসুল আলম সিকদার (৬৫) জানান, তিনি গত বছর দুই একর জমিতে বোরো চাষ করেছিলেন, কিন্তু সেচ দিতে না পারায় ফলন ভালো হয়নি। একই আশঙ্কায় এ বছর মাত্র এক একর জমিতে চাষ করেন। একই কথা বললেন রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আহাম্মদ কবির (৬০)। হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রশিদ আহম্মদ (৫৫) ও জালিয়াপালংয়ের পাইন্যাশিয়া গ্রামের মোহাম্মদ কালু (৬২) বলেন, ‘বিদ্যুতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে প্রয়োজনীয় মুহূর্তে বিদ্যুৎ পাব কি না, তাতে সন্দেহ হচ্ছে। এখন দিনে পাঁচ-সাতবার করে বিদ্যুৎ আসে আর যায়। এক-দেড় ঘণ্টার বেশি থাকে না।’ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর। আর আবাদ হয় পাঁচ হাজার ৪৪৩ হেক্টর জমিতে। জালিয়াপালং ও হলদিয়াপালং ইউনিয়নে রাবারড্যাম ও ডিজেলচালিত সেচযন্ত্রের কারণে প্রায় ৩০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুল বারী এ প্রসঙ্গে বলেন, বিদ্যুতের নাজুক পরিস্থিতি দেখে উখিয়ার দুই শতাধিক কৃষক বোরো চাষ করেননি। আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় উৎ পাদনের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান বিদ্যুতের নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে বলেন, ‘উখিয়ায় চাহিদা রয়েছে ১০ মেগাওয়াট, কিন্তু পিডিবি থেকে সরবরাহ পাওয়া যায় চার মেগাওয়াট। তবে বোরো মৌসুমের মাঝামাঝি সময় আরও দুই মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ফলে তখন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছি।’ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) প্রদীপ কুমার দে প্রথম আলোকে জানান, ‘আমি উখিয়ার বিভিন্ন এলাকা ঘুরে অনেক জমি অনাবাদি থাকতে দেখেছি। তবে কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তাই যাঁরা চাষ করেছেন তাঁদের জন্য চিন্তা নেই।’