কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি কেন্দ্র ঘুরে এ চিত্র পাওয়া যায়।
সকাল সাড়ে আটটায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে বিপুলসংখ্যক নারী ভোটার। মদিনা খাতুন (৫৫) নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত ভোট দিতে পারছি না। সামনে বড় লাইন।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, ভোটারের চাপ বেশি, তাই ভোট প্রয়োগে সমস্যা হচ্ছে। আধা ঘণ্টায় ভোট পড়েছে ২৫০টি। এই কেন্দ্রে ভোটার আছে ২ হাজার ৯৬০ জন।
সকাল ১০টায় মরিচ্যাপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রেও দেখা গেছে একই অবস্থা। নারী ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
মরিচ্যাপালং গ্রামের ভোটার কুলসুমা বেগম (৩৩) বলেন, ‘ঘরে রান্নাবান্না করতে হয়। তাই ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছি। কিন্তু এসে দেখি আমার আগে অনেকেই চলে এসেছেন।’
ওই কেন্দ্রে নারী ভোটারদের কলসিতে করে পানি খাওয়াচ্ছেন শফি আলম নামের এক ব্যক্তি। তিনি একজন ইউপি সদস্য প্রার্থীর সমর্থক। পানি খাওয়ানোর কারণ জানতে চাইলে শফি আলম বলেন, ‘প্রচণ্ড গরমে সবার অবস্থা খারাপ। তাই নলকূপের ঠান্ডা পানি খাওয়াচ্ছি। বিনিময়ে ভোট চাইছি না।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অলক দাশ বলেন, এই কেন্দ্রে ভোটারসংখ্যা ৩ হাজার ১০০। দুই ঘণ্টায় পড়েছে প্রায় ৬০০টি।
বেলা ১১টায় ইউনিয়নের উত্তর ধুরুংখালী মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও নারী ও পুরুষ উভয় বুথে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। তবে গরম ভোটারদের ভোগাচ্ছে।
মহাজনপাড়ার ভোটার মিনু রানী (৫৫) বলেন, ‘গরমে কষ্ট পেলেও শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পেরে খুশি।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম কবির বলেন, এই কেন্দ্রের বেশির ভাগ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের। তাঁরা আগেভাগে কেন্দ্রে চলে আসেন ভোট দিতে। তিন ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৮০০টি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা তিন হাজার ১০০।
উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া পাইলট উচ্চবিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও একই পরিস্থিতি দেখা মেলে। দুপুর ১২টায়ও ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কবির আহমদ জানান, এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২৩৮। দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে ৯৪০টি।
এই কেন্দ্রের ভোটার কাজী মিজানুর রহমান (৩০) বলেন, দুপুরের পর কেন্দ্র দখলসহ গন্ডগোল দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকে অনেকে সকালের দিকে নারীদের কেন্দ্রে নিয়ে আসেন।
উখিয়ার পাঁচটি ইউনিয়নে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. মাসুদ আলম বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উখিয়ার পাশাপাশি গতকাল রামু উপজেলার ছয়টি ও কক্সবাজার সদর উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।