উখিয়ায় পাহাড় কাটা চলছে
উখিয়ার বিভিন্ন স্থানে সরকারি বনভূমির পাহাড় কেটে বাড়িঘর তৈরি ও মাটি বিক্রি চলছে। একশ্রেণীর পেশাদার ভূমিদস্যু পাহাড় কেটে ঘর তৈরির মাধ্যমে বনভূমি দখল করে নিচ্ছে। পাশাপাশি পাহাড় কেটে মাটি বিক্রি করছে নিচু স্থান ভরাটকারীদের কাছে। দায়ী ব্যক্তিদের একাধিকবার নিষেধ করা হলেও তা মানা হচ্ছে না বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করছেন। সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধেও নীরব ভূমিকা পালনের অভিযোগ করেন তাঁরা।উখিয়া বন ও পরিবেশসম্পদ রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা নূর মোহাম্মদ সিকদার বলেন, ‘এভাবে নির্বিচারে পাহাড় কাটা অব্যাহত থাকলে উপজেলায় প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে এবং পরিবেশ হুমকির মুখে পড়বে।’ পাহাড় কাটার সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। উখিয়া বন বিভাগ সূত্র জানায়, জনবলসংকটের কারণে বন বিভাগ ভূমিদস্যু ও পাহাড় কর্তনকারীদের কাছে অসহায় হয়ে পড়েছে। ফলে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সরজমিনে দেখা যায়, পালংখালী ইউনিয়নের মোছারখোলা, তেলখোলা, তাজুনিরমারখোলা, বটতলী, থাইংখালী, জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি, পাইন্যাশিয়া, রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা, গয়ালমারা, করইবনিয়া, রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া, সিকদার বিল, কুতুপালং, লম্বাশিয়া, হরিণমারা, দরগাহবিল, টাইপালং, হাতিমোরা, তুতুরবিল, দোছড়ি ও হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা, পাগলিরবিল, রুমখাপালং, পাতাবাড়ি, হাতিরঘোনা, মরিচ্যা এলাকায় নির্বিচারে পাহাড় কাটা চলছে। প্রায় তিন সপ্তাহ ধরে এভাবে পাহাড় কাটা চললেও প্রশাসনিকভাবে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হলদিয়াপালং এলাকার বাসিন্দা বাদশা মিয়া, আব্দুল খালেকসহ একাধিক ব্যক্তি জানান, এলাকার মৃত আবুল বশরের ছেলে নূর আহমদ (৬২) ও তাঁর তিন ছেলে আবুল কাসেম (৩৫), আবুল কালাম (৩২) ও জাহাঙ্গীর আলম (৩০) সরকারি বিধি অমান্য করে বসতভিটার কাছের বাগান উজাড় ও পাহাড় কেটে ঘর তৈরি করছেন। এভাবে সরকারি বন-পাহাড় নষ্ট না করার জন্য এলাকার জনপ্রতিনিধিসহ সচেতনমহলের অনুরোধ তাঁরা উপেক্ষা করেছেন। হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক অভিযোগ করেন, স্থানীয় বন বিভাগের নীরব ভূমিকার কারণে স্থানীয় কিছু লোক নির্বিচারে পাহাড় কেটে ঘর তৈরি করছে। দুই অভিযুক্তকে ইউনিয়ন পরিষদ থেকে বিজ্ঞপ্তি (নোটিশ) দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্ত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে পাহাড় কাটায় জড়িত নুর আহম্মদ ও আবুল কালাম বলেন, ‘আমার বাড়ির পাশের উঁচু জায়গা কেটে সমান করছি। এতে সমস্যা কোথায় তা বুঝতে পারছি না।’ অন্যদিকে ৩ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের পাশের একটি বড় পাহাড়ের মাটি কাটার সময় প্রশ্ন করলে শ্রমিক শাহ আলম (৩০) ও আবদুচ শুক্কুর (২৫) জানান, স্থানীয় দুবাই কাশেমের ছেলে হেলালউদ্দিন শ্রমিকদের দিয়ে পাহাড়ের মাটি কেটে তা বিক্রি করেন। প্রতিদিন চার-পাঁচটি ট্রাক ও পিক-আপে করে মাটি নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। হেলাল উদ্দিন বলেন, ‘গ্রামের পাশের পাহাড়টি ভারী বৃষ্টিপাতের সময় ধসে পড়ার আশঙ্কায় পাহাড়ের কিছু মাটি কেটে ঝুঁকিমুক্ত করছি।’ পাহাড় কাটার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘এতে অনুমতির কী প্রয়োজন আছে?’ ৪ অক্টোবর জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনের বনভূমির একটি পাহাড় থেকে কিছু শ্রমিক মাটি কেটে ট্রাকে তুলতে দেখা যায়। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ‘চিহ্নিত কয়েকজন মাটি ব্যবসায়ী পাহাড় কেটে অন্যত্র মাটি বিক্রি করছেন। নিষেধ করা হলেও তাঁরা তা মানছেন না।’ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে। তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে।’ তিনি জানান, জনবলসংকটের কারণে বন বিভাগ ভূমিদস্যু ও পাহাড় কর্তনকারীদের কাছে অসহায় হয়ে পড়েছে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের ব্যাপারে বন বিভাগের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।