উখিয়ায় পাহাড় কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কাটা চলছেই। পাহাড় কাটার মাটি দিয়ে নিচু জায়গা ভরাট ও ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে। কিছু স্থানে ফসলি জমির ওপরের অংশের মাটিও (টপ সয়েল) ইটভাটায় সরবরাহ দেওয়া হচ্ছে। অথচ এসব দেখার যেন কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রুমখাঁ, পাগলিরবিল, পাতাবাড়ী, খেওয়াছড়ি, রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংসহ বিভিন্ন স্থানে পাহাড় কাটা চলছে। সম্প্রতি রাজাপালং ইউনিয়নের জামতলী এলাকা থেকে পুলিশ মাটিভর্তি একটি ট্রাক আটক করলে কয়েক দিন পাহাড় কাটা বন্ধ থাকে। এখন আবার শুরু হয়েছে। উখিয়া থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক বড়ুয়া বলেন, মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাটিসহ ট্রাক জব্দ করা হলেও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে পুলিশ, বন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান দরকার। এদিকে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া, হরিণমারা, তুতুরবিল, কুতুপালং, টিঅ্যান্ডটি, গুচ্ছগ্রাম, দোছড়ি, হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি, পাতাবাড়ী, ধুরুংখালী, মরিচ্যা, পাগলিরবিল, রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া, চাকবৈটা, ভালুকিয়া ও জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি, নিদানিয়া, চেপটখালী, চোয়াংখালী, ডেইলপাড়া, মনখালী এলাকায় পাহাড় ও ফসলি জমির মাটি কেটে ট্রাক ভরে বিভিন্ন স্থানে সরবরাহ দেওয়া হচ্ছে। বেশির ভাগ মাটি যাচ্ছে ইটভাটায়। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা ইব্রাহীম হোসেন বলেন, পাহাড়কাটা বন্ধে বন বিভাগের সদস্যরা রাত-দিন পাহারা দিচ্ছে। কিন্তু জনবলসংকটের কারণে অনেক জায়গায় পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না।