উখিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ফাইল লাল ফিতায় বন্দী
কক্সবাজারের উখিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ফাইলটি কয়েক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে লাল ফিতায় বন্দী হয়ে আছে। অথচ প্রতিবছর আগুনে পুড়ে ছাই হচ্ছে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। জমি অধিগ্রহণের পরও পরবর্তী নির্মাণপ্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ উখিয়াবাসী।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ওসি) কার্যালয় এবং কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, উখিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন (অগ্নিনির্বাপণকেন্দ্র) স্থাপনের কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয় ২০০৬ সালের জানুয়ারিতে। তখন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ২০০৭ সালে উপজেলার ওয়ালাপালং মৌজার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের (কমপ্লেক্স) পাশে স্থান নির্বাচন প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা ওই এলাকার ব্যক্তিমালিকানাধীন ৩৩ শতক জমি ২০০৮ সালে অধিগ্রহণ করে। অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণও দেওয়া হয়। ২০০৯ সালের শুরুতে জেলা প্রশাসনও কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরের কাছে ৩৩ শতক জমি হস্তান্তর করে। কিন্তু কয়েক বছর ধরে ফায়ার সার্ভিস স্থাপনের ফাইলটি সংশ্লিষ্ট দপ্তরের লাল ফিতায় বন্দী হয়ে আছে।এদিকে প্রতিবছর বিশেষ করে, শীত মৌসুমে আগুনে উখিয়ার বিভিন্ন গ্রাম, স্টেশন ও হাটবাজারের ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়। আর এতে প্রতিবছর ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। নিঃস্ব হচ্ছে দরিদ্র পরিবারগুলো।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানান, কক্সবাজার থেকে উখিয়ার দূরত্ব ৩২ কিলোমিটার। আগুন লাগার সংবাদ পেয়ে প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই অনেক সময় ঘরবাড়ি বা দোকান পুড়ে যায়। তা ছাড়া শুকনো মৌসুমে পানির সমস্যাও দেখা দেয়। উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম শাহ আলম এ প্রসঙ্গে বলেন, উখিয়ার বিভিন্ন গ্রামে ঘনবসতিপূর্ণ বেশির ভাগ কাঁচা ও ছনের ঘর। একটিতে আগুন লাগলে পুরো লাইন পুড়ে শেষ হয়। ফলে গ্রামবাসী সহজে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া জানান, চলতি বছরসহ গত তিন বছরে আগুনে পুড়ে উখিয়ার প্রায় পাঁচ কোটি টাকার মতো সম্পদের ক্ষতি হয়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প বর্তমানে দরপত্রের প্রক্রিয়াধীন অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরে পড়ে আছে। তিনি আরও জানান, উখিয়ায় যেসব স্থাপনা পুড়ে যায় তদন্তে দেখা যায়, সেগুলোতে অসাবধানতাবশত খোলা বাতি, সিগারেটের আগুন, চুলার আগুন ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম এ ব্যাপারে জানান, জেলা প্রশাসনের প্রাথমিক কাজ শেষ, এখন গণপূর্ত অধিদপ্তর স্থাপনা নির্মাণের ব্যবস্থা করবে। নির্মাণকাজ শুরু করতে যত দেরি হচ্ছে, দরিদ্র মানুষের তত ক্ষতি হচ্ছে।