উখিয়ায় বিএনপির নেতা-কর্মীরা ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার-আতঙ্কে ঘরছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
থানা সূত্র জানায়, ১১ নভেম্বর দুপুরে (৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন) কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার হিজলিয়া এলাকায় একটি সেতুর পাটাতন উপড়ে ফেলে বিএনপির নেতা-কর্মীরা যানচলাচল বন্ধ এবং টায়ার জ্বালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।
ওই দিন উখিয়া থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সামাদ বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, গিয়াস উদ্দিন নামের চার যুবদলকর্মীকে আটক করে কারাগারে প্রেরণ করে। মূলত এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা ঘর ছেড়ে আত্মগোপন করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বলেন, বিরোধী দলের একটানা ৮৪ ঘণ্টা হরতালে উখিয়ার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে বাধাও দেওয়া হয়নি। তার পরও বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখার জন্য ওই মিথ্যা মামলাটি করা হয়েছে। এই মামলা প্রত্যাহার না করলে ভবিষ্যতে উখিয়ায় হানাহানি বাড়বে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেন, হরতালে হিজলিয়া এলাকার সেতুর পাটাতন উপড়ে ফেলে পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় ওই মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে চার আসামিকে আটক করা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।