উখিয়ায় ভর্তুকির সার মিয়ানমারে পাচার হচ্ছে
উখিয়ার ১৫ সীমান্ত পয়েন্ট দিয়ে সরকারের ভর্তুকি হিসেবে দেওয়া ইউরিয়া সার মিয়ানমারে পাচার শুরু হয়েছে। সীমান্ত এলাকার পাঁচটি চক্র বিডিআরকে ফাঁকি দিয়ে কৌশলে সার পাচার করছে। উখিয়ায় এসব সার প্রতি বস্তা ৬০০ টাকা বিক্রি হলেও মিয়ানমারে তা এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। সরজমিন ঘুরে জানা গেছে, সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান রাজ্যের ঢেঁকিবনিয়া, বলিবাজার, মংডু, আকিয়াব, বুচিডং, সাহেব বাজার, কোয়ানচিপংসহ বিভিন্ন এলাকায় জুলাইয়ের প্রথম দিক থেকে আমন চাষ শুরু হয়। আগস্টের শুরু থেকে সেখানে সারের চাহিদা বেড়ে যায়। সেখানকার চাহিদা মেটাতে সীমান্তের ওপারের চোরাকারবারি চক্রের সঙ্গে এপারের চোরাকারবারিরা হাত মিলিয়ে সীমান্ত দিয়ে সার পাচার করছে। সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে উখিয়ার সীমান্তবর্তী গ্রাম রেজুআমতলী, হেডম্যানপাড়া, তুলাতলী, হাতিমোরা, করইবনিয়া, চাকবৈঠা, দরগাহবিল, ডেইলপাড়া, জইল্লার গোদা, বালুখালী, ধামনখালী, তুমব্রু, ঘুমধুম, রহমতের বিল ও পালংখালীর আনজুমানপাড়ার ৩০-৩৫ জন পাঁচ দলে ভাগ হয়ে সার পাচার শুরু করে। তারা উখিয়াসহ বিভিন্ন স্থান থেকে কয়েক বস্তা করে সার নিয়ে সীমান্তবর্তী গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে। সন্ধ্যার পর বিডিআরের টহল দল ফাঁড়িতে চলে গেলে মজুদ করা সার শ্রমিকদের দিয়ে সীমান্তের ওপারে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চোরাচালানি চক্রের পেছনে সরকারি দলের কয়েকজন প্রভাবশালী নেতা-কর্মীর আশীর্বাদ রয়েছে। এসব নেতা পাচারকারী চক্রের কাছ থেকে মাসোয়ারা পান বলেও তাঁরা অভিযোগ করেন। তাঁরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে গত বছর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের কড়াকড়ি এবং শাসক দলের নেতাদের তদারকির কারণে মিয়ানমারে সার পাচার প্রায় বন্ধ ছিল। ২১ আগস্ট বিকেল তিনটায় রেজু আমতলী সীমান্তে গিয়ে দেখা যায়, সীমান্তের ওপার থেকে বনি আলম (৩০), ফকির মিয়া (২৫), কাদের হোছেন (২৭) ও জাফর আলম (২৯) এপারে আসছেন। কোথায় যাবেন জানতে চাইলে জানান, তাঁরা মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকার শ্রমিক। সন্ধ্যায় সার নিয়ে মিয়ানমারে ফিরবেন। রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন জানান, গত ১৯ জুলাই সন্ধ্যায় রেজু আমতলীর তুলাতলী জইল্লার গোদা সীমান্ত দিয়ে সার পাচারের সময় কমিউনিটি পুলিশের সদস্যরা পাচারকারীদের ধাওয়া করেন। পাচারকারীরা পালিয়ে গেলে ২০ বস্তা সার উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করেন তাঁরা। তিনি আরও জানান, সীমান্ত এলাকার চার-পাঁচটি চক্র প্রতিদিন সন্ধ্যার পর শত শত বস্তা সার মিয়ানমারে পাচার করছে। এ ব্যাপারে তাদের বক্তব্য নেওয়ার জন্য এলাকায় গেলে গ্রামের লোকজন জানান, ঘটনার পরই এরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এর কয়েকদিন আগে চাকবৈঠা, করইবনিয়া সীমান্ত দিয়ে সার পাচারের সময় গ্রামবাসী ১০ বস্তা সারসহ দুই পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পাচারকারী দলের সদস্য রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলীয়াপালং গ্রামের নুরুল আলম (৩৫) প্রকাশ নুরু সওদাগর ও আব্দুল কাদেরের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ছাড়া গত ২৮, ৩০ জুলাই এবং ১৭ ও ১৯ আগস্ট রাতে করইবনিয়া, আনজুমানপাড়া, ধামনখালী এবং তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে সার নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে পাচারকারীদের ফেলে যাওয়া কয়েক শ বস্তা সার উদ্ধার করে স্থানীয় কৃষকদের মাঝে বিলিয়ে দেন। এ প্রসঙ্গে উখিয়ার সার ডিলার আহাম্মদ কবির বলেন, ‘আমরা খুচরা ডিলারদের কাছে চাহিদা মতো এবং চেয়ারম্যানদের কাগজপত্র দেখে কৃষকদের কাছে সার বিক্রি করি। এসব সার কোথায় যাচ্ছে আমাদের দেখার বিষয় নয়।’ উখিয়া খুচরা সার ডিলার সমিতির সভাপতি মোস্তাফা কামাল পাশা বলেন, ‘কৃষি অফিসের তালিকাভুক্ত কার্ডধারী কৃষকদের কাছে খুচরা ডিলারেরা সার বিক্রি করেন। তবে পাচারকারীরা কৃষকদের কাজ থেকে সার কিনে নিচ্ছে বলে শোনা যাচ্ছে।’ রাজাপালং ইউনিয়নের সদস্য মীর কাশেম চৌধুরী ও সৈয়দ আকবর জানান, মিয়ানমারের আরাকান রাজ্যে বর্তমানে সারের ব্যাপক চাহিদা রয়েছে। পাচারকারীরা এখান থেকে প্রতি বস্তা সার ৬০০ টাকায় কিনে মিয়ানমারে দ্বিগুণ মূল্যে বিক্রি করে। এভাবে পাচার অব্যাহত থাকলে আর কয়েকদিন পর উখিয়ায় সারের সংকট দেখা দেবে বলে তিনি আশঙ্কা করেন। রেজু আমতলী বিডিআর ছাউনির সুবেদার নবী হোছেন মিয়ানমারে সার পাচারের কথা স্বীকার করে বলেন, ‘আমি আশ্চর্য হয়ে যাই যেখানে ইউপি সদস্য ও চেয়ারম্যানের সই করা চিরকুট (স্লিপ) নিয়ে কৃষকেরা ডিলারদের কাছ থেকে প্রয়োজন মতো সার নেন। সেখানে বস্তা বস্তা সার কীভাবে সীমান্তে আসে? তবে পাচারের খবর পেলে আমরা অভিযান চালাই।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পাচারকারীদের চিহ্নিত করে তালিকা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম বলেন, ‘যত বড় শক্তিশালী ব্যক্তিই হোক না কেন সার পাচারের সঙ্গে জড়িত প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’