উখিয়ায় ভূমিহীনদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সমুদ্র উপকূলে বসবাসরত শতাধিক ছিন্নমূল ভূমিহীন পরিবার পুনর্বাসনের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুঘাট অংশে এই মানববন্ধন করা হয়।
বেলা ১১টার দিকে উপকূলের ছিন্নমূল নারী-পুরুষেরা রেজুঘাটে জড়ো হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার মানববন্ধন করেন। মানববন্ধনে দাবি করা হয়, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের আগে তাঁদের অন্য কোথাও পুনর্বাসন করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু ঘাটঘর ও নিদানিয়া গ্রামের ভূমিহীন নুর জাহান (৫৫), তাহেরা বেগম (৬০) রহিমা বেগম (৬৬), সাহারা খাতুন (৭০) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমাংশে একটি আশ্রয়ণ প্রকল্প প্রতিষ্ঠা করে শতাধিক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেছিলেন। বর্তমানে মেরিন ড্রাইভ সড়কের পাশে সৈকত এলাকায় প্রায় ১ হাজার ভূমিহীন পরিবার বসবাস করছে। মেরিন ড্রাইভ সড়ক প্রকল্প বাস্তবায়ন ও পর্যটনের উন্নয়নের স্বার্থে সড়কের পাশ থেকে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করা হলে তারা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে বসবে। তাই উচ্ছেদের আগে পুনর্বাসন চায় তারা।
স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, উখিয়া উপকূলে বসবাসরত ছিন্নমূল ভূমিহীন পরিবারগুলোর সহায়-সম্বল নেই বললে চলে। এ অবস্থায় ছিন্নমূল ভূমিহীন এসব পরিবারের মাথা গোঁজার ঠাঁই না করে উচ্ছেদ করা অমানবিক হবে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের পাশে ও সৈকতে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ইতিমধ্যে ইনানী সৈকত এলাকা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
পর্যটন শিল্পের অধিকতর উন্নয়নের স্বার্থে মেরিন ড্রাইভের পশ্চিমাংশে অবৈধভাবে বসবাসরত পরিবারগুলোকেও উচ্ছেদ করা হচ্ছে।