উখিয়ায় মাছের আকাল
কক্সবাজারের উখিয়া উপজেলার হাট-বাজারগুলোতে ১০-১৫ দিন ধরে সামুদ্রিক মাছের আকাল দেখা দিয়েছে। স্থানীয় পুকুর ও খালে অল্প-স্বল্প মাছ পাওয়া গেলেও দাম আকাশছোঁয়া। এতে সাধারণ ক্রেতারা পরিবারে মাছের চাহিদা মেটাতে পারছেন না। জেলেরা জানান, বেশ কিছুদিন ধরে সাগরে প্রচণ্ড দাবদাহের কারণে উপকূলে মাছ আসছে না। এ ছাড়া সমুদ্রে মৎস্যভান্ডার শূন্য হয়ে যাওয়ায় জালে তেমন মাছ ধরা পড়ছে না। বিভিন্ন হাট-বাজারে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মরিচ্যাবাজার, কোটবাজার, সোনারপাড়া বাজার, পালংখালী বাজার, দারোগাবাজার, থাইংখালী বাজার ও কুতুপালং শরণার্থী বাজারে প্রতিদিন বেচাকেনা চলে। এসব বাজারে বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক মাছসহ নাফ নদ এবং আশপাশের খাল ও পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন মাছ ব্যবসায়ীরা। প্রায় দুই সপ্তাহ ধরে বাজারে মাছের অভাব দেখা দিয়েছে। পুকুর এবং বিভিন্ন মৎস্য প্রকল্প থেকে আসা কিছু তেলাপিয়া, কাতলা, রুই, পাঙাশ মাছ ছাড়া অন্য মাছের দেখা মিলছে না। তবে এসব মাছ চাহিদার তুলনায় খুবই কম। দামও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। গত মঙ্গলবার উখিয়া দারোগাবাজারে হাটে গিয়ে দেখা যায়, কয়েকজন মাছবিক্রেতা অল্প পরিমাণ তেলাপিয়া, কাতলা, রুই, পাঙাশ ও কাঁকড়া নিয়ে বসে আছেন। আশপাশের এলাকার পুকুর থেকে আনা এসব মাছের দাম শুনে ক্রেতারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তেলাপিয়া কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসা স্থানীয় এক বিদ্যালয়ের শিক্ষক আবদুল হক দাম শুনে মাছ না নিয়েই ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘অত দামে মাছ কেনার ক্ষমতা আমার নেই। কম দামের সামুদ্রিক মাছ পেলে কিছু নিতাম।’ মাছবিক্রেতা জুনু বড়ুয়া, ফরিদুল আলম ও সুজিত বড়ুয়া জানান, বেশ কিছুদিন ধরে সামুদ্রিক মাছ বাজারে আসছে না। পুকুরের যে মাছ আসছে, তা বেশি দামে তাঁদের কিনতে হয়েছে। তাই বেচতেও হচ্ছে বেশি দামে। একই অবস্থা উপজেলার অন্য হাট-বাজারগুলোতে।’৯ জুন সকালে কোটবাজারে গিয়ে দেখা যায়, বেশির ভাগ পুকুরে মাছ নেই। মাছ কিনতে আসা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নেজাম উদ্দীন বলেন, ‘১০ থেকে ১৫ দিন ধরে বাজারে কোনো সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না। শুধু সবজি ও শুঁটকি নিয়ে বাড়ি ফিরছি।’উপকূলীয় এলাকা জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের মৎস্যজীবী সমিতির সভাপতি নুুরুল হক জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে সকালে সমুদ্রে গিয়ে বিকেলে খালি হাতে ফিরছে মাছ ধরার ছোট-বড় নৌকাগুলো। প্রচণ্ড গরমের মধ্যে অপেক্ষা করেও মাছ না পাওয়ায় জেলেরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে নৌকা নিয়ে সাগরে যাওয়া ছেড়ে দিয়ে বেকার হয়ে পড়েছেন। মাছ ধরার বোটের মালিক কোটবাজারের বাসিন্দা নুরুল হুদা জানান, সমুদ্রে মাছ না পাওয়ায় আয়-রোজগার নেই। এর ওপর গত এক সপ্তাহ ধরে পকেটের টাকা দিয়ে জেলেদের জন্য খাবার কিনে পাঠাতে হচ্ছে। উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান এ প্রসঙ্গে জানান, মূলত প্রচণ্ড দাবদাহের ফলে সমুদ্রের মাছের অবস্থান অনেক গভীরে চলে গেছে। এ ছাড়া, বিভিন্ন প্রজাতির জাটকা নিধনের কারণে সমুদ্রের মৎস্যভান্ডার শূন্য হয়ে পড়েছে। ফলে জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। আর এ কারণে হাট-বাজারগুলোতে মাছের আকাল দেখা দিয়েছে।