উখিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন
যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি দ্রুত করার দাবিতে উখিয়া সদরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মানববন্ধন, শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সুশীল সমাজের লোকজন অংশ নেন। ৭ আগস্ট বিকেলে মানববন্ধন শেষে শোভাযাত্রা উখিয়া বাস স্টেশন প্রদক্ষিণ করে। এরপর স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি বলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদীরা হলেন দেশের কলঙ্ক। যুদ্ধাপরাধীদের বিচার যতদিন হবে না, ততদিন বীর মুক্তিযোদ্ধা এবং একাত্তরের শহীদদের আত্মা শান্তি পাবে না। অন্যদের মধ্যে বক্তব্য দেন রুহুল আমিন, সোহানুর রহমান, মকবুল হোসেন, রাসেল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক রতন কান্তি দে।