উখিয়ায় রেজুখালের বালু তোলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং এলাকায় রেজুখাল থেকে অবৈধভাবে বালু তোলা চলছেই। ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত স্থায়ী প্রতিরোধক দেয়ালটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটি ধসে পড়লে খালের পাড়ে বসবাসরত কয়েক শ বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটসহ কোটবাজার-সোনারপাড়া সমুদ্রসৈকত সড়কটি বিলীন হয়ে যেতে পারে।

গত ২৭ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা গেছে, ২০ থেকে ২৫ জন শ্রমিক খাল থেকে অবৈধভাবে বালু তুলে মজুদ করছেন। তারপর সেই বালু ট্রাকবোঝাই করে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ দেওয়া হচ্ছে।

বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক শাহাবুদ্দিন জানান, দৈনিক মজুরির ভিত্তিতে তাঁদের (শ্রমিকদের) নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ দিন ধরে বালু তুলছেন তাঁরা। কে তাঁদের নিয়োগ দিয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অস্বীকৃতি জানান।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনকে ‘ম্যানেজ’ করে প্রভাবশালীরা অবৈধভাবে বালু তুলছে। এজন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, বালু তোলার ফলে খালের ভাঙন রোধে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত প্রতিরোধক দেয়ালটি ঝুঁকির মুখে পড়েছে। এটি ধসে পড়লে পাশের সড়কটি বিলীন হয়ে রুমখাঁবাজার, মনির মার্কেট, রুমকা ইসলামিয়া আলিম মাদ্রাসা, কুমারপাড়ার ঘরবাড়িসহ নানা স্থাপনা তলিয়ে যেতে পারে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘প্রতিরোধক দেয়ালটি রক্ষার জন্য বালু তোলা বন্ধ করতে আমি উপজেলা প্রশাসনে একাধিবার অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’ এলজিইডি উখিয়া উপজেলা প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, ‘বালুখেকোদের অবৈধ তৎপরতা থেকে প্রতিরোধক দেয়াল রক্ষা করা যাচ্ছে না। বালু তোলা বন্ধ না হলে আসন্ন বর্ষায় নদীর স্রোত ও পাহাড়ি ঢলে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বেকায়দায় পড়তে হবে।’