কক্সবাজার-টেকনাফ মহাসড়কে জনাকীর্ণ বাসস্ট্যান্ড ও সড়কের পাশের স্কুল, কলেজ, মাদ্রাসার সামনে গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় যানবাহন চলাচল করছে বেপরোয়া গতিতে। এতে প্রায় সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীরা। পঙ্গুত্ব বরণ করছে অনেকে। এ রকম দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল। জানা গেছে, গত এক বছরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ২০টি দুর্ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী নিহত ও ১৯ জন আহত হয়। এর মধ্যে পঙ্গুত্ব বরণ করেছে তিনজন। খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লিংক রোড থেকে শুরু হয়ে উখিয়ার পালংখালী পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের পাশে তিনটি জনবহুল স্টেশন রয়েছে। এগুলো হচ্ছে মরিচ্যাবাজার, কোটবাজার ও উখিয়া সদর স্টেশন। সদর স্টেশনের কাছে রয়েছে একটি প্রাথমিক, একটি বালক ও একটি বালিকা উচ্চবিদ্যালয় এবং একটি কেজি স্কুল। প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী সড়ক পারাপার হয়ে এসব বিদ্যালয়ে যাওয়া-আসা করে। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, তাঁর বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এ বছর ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথম শ্রেণীর নাফিসা আক্তার (৬), তৃতীয় শ্রেণীর আফরোজা বেগম ও চতুর্থ শ্রেণীর মনি আক্তার গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম বলেন, দুর্ঘটনা এড়াতে সাবধানতা হিসেবে বিদ্যালয়ের সামনে অথবা কাছাকাছি দুইটি গতিরোধক স্থাপন করা দরকার।উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী জানান, গত দুই বছরে রাস্তা পারাপারের সময় তাঁর বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়। কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে উখিয়ার বিভিন্ন স্থানে আরও তিনটি প্রাথমিক ও তিনটি উচ্চবিদ্যালয়, দুটি মাদ্রাসা এবং একটি কেজি স্কুল রয়েছে। কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুমঝুম নাহার জানান, গত বছর ডিসেম্বরে রাস্তা পার হতে গিয়ে তাঁর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিমা বড়ুয়া গাড়ি চাপা পড়ে প্রাণ হারায়। এ ছাড়া চলতি বছর আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়। এ রকম প্রত্যেক বিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম শাহ আলম বলেন, ‘জনবহুল স্টেশন এবং সড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অথবা কাছাকাছি জায়গায় সড়কের ওপর গতিরোধক স্থাপন করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে কক্সবাজার সওজ বিভাগকে জানানো হবে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো. আসিফ আশরাফ উদ্দিন এ প্রসঙ্গে জানান, দেশের ১ নম্বর মহাসড়ক হওয়ায় এ সড়কে গতিরোধক স্থাপন করা হয়নি। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় সাংসদ এবং জেলা প্রশাসকের সুপারিশসহ আবেদন করা হলে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় গতিরোধক স্থাপন করা যেতে পারে।