উখিয়ায় শিশু সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা
কক্সবাজারের উখিয়া উপজেলার শিশুবিবাহ, শিশুশ্রম ও শারীরিক শাস্তি বন্ধসহ শিশুদের সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা গত বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন।
কোডেকের প্রকল্প ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কোডেকের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার বানু, মনিটরিং কর্মকর্তা অহিদুল কাদের, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা শওকত হোসাইন, সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূঁইয়া, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের, উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কুতুপালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, ইউনিসেফের শিশু সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান প্রমুখ।
ইউএনও মো. মাঈন উদ্দিন বলেন, এই উপজেলার বাল্যবিবাহ, শিশুশ্রম ও শারীরিক নির্যাতন অহরহ ঘটছে। এ জন্য পারিবারিক শিক্ষা ও সচেতনতার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুসংক্রান্ত এই তিনটি সামাজিক ব্যাধি বন্ধ করা সম্ভব। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার