উখিয়ায় সরকারি দুই ভবন ঝুঁকিপূর্ণ
উখিয়া পল্লী উন্নয়ন ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের ভবন দুইটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। ভবন দুইটির দেয়াল ও ছাদে ফাটল দেখা দিলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।‘প্রতিদিন দোয়া-দরুদ পড়ে অফিসে ঢুকি। আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। প্রতি মুহূর্তেই মনে হয় মাথার ওপর ছাদ ধসে পড়বে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেছেন, উখিয়া উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা নুরুল হক। সরেজমিনে দেখা যায়, উপজেলা পল্লী উন্নয়ন ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের শৌচাগারের ছাদ গাছের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল হক এ প্রসঙ্গে বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।’ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনটিতে জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলীর কার্যালয় ও বাসভবন আছে। সরেজমিনে দেখা যায়, এ ভবনের পশ্চিমাংশের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে ছাদের পলেস্তারা। উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, দোতলা ভবনের নিচতলায় তাঁর কার্যালয় এবং দোতলায় তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তিনি জানান, ‘জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন নিয়ে এ ভবনেই বাস করছি। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আল্লাহর নাম স্মরণ করে অফিসে ঢুকি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম এ প্রসঙ্গে বলেন, ‘উপজেলা বিআরডিবি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন।’